চুয়াডাঙ্গায় বহুতল ভবনে আগুন লাগলে কী হবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় অগ্নিনির্বাপণব্যবস্থা ছাড়াই গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন। আবার বহুতল ভবনে আগুন নেভানোর সরঞ্জাম স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে নেই। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, এসব ভবনে অগ্নিকাণ্ডের ঘটলে তাঁদের দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার থাকবে না।

চুয়াডাঙ্গা পৌর এলাকার শহীদ আবুল কাশেম সড়ক, শহীদ রবিউল ইসলাম সড়ক, সদর হাসপাতাল সড়ক, শহীদ আলাউল ইসলাম সড়ক, কেদারগঞ্জ মালোপাড়া, দক্ষিণ হাসপাতালপাড়া ও গুলশানপাড়ায় অসংখ্য বহুতল ভবন নির্মাণাধীন রয়েছে। সাত থেকে দশতলা পর্যন্ত উচ্চতার এসব ভবনের বেশির ভাগই যথাযথ আইন মেনে তৈরি হচ্ছে না।

ফায়ার সার্ভিস আইন-২০০৩-এর ৭ ও ৮ ধারা অনুযায়ী, ছয়তলার ওপরে কোনো ভবন নির্মাণ করতে হলে প্রথমে ফায়ার সার্ভিসের অনাপত্তিপত্র নিতে হয়। অনাপত্তিপত্রের জন্য ১৮টি শর্ত দেওয়া হয়। ভবন নির্মাণ শেষে এসব শর্ত পূরণ করা হয়েছে কি না, তা যাচাই করে ছাড়পত্র দিয়ে থাকে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ছয়তলার ওপরে ভবন নির্মাণের ক্ষেত্রে শর্তগুলোর মধ্যে রয়েছে, ভবনের ভূগর্ভস্থ অংশে নিত্যপ্রয়োজনের বাইরে দুই লাখ লিটার ধারণক্ষমতার ও ভবনের সর্বশেষ ধাপে ৮০ হাজার লিটার ধারণক্ষমতার জলাধার থাকতে হবে; প্রতিটি ফ্লোরে লুজ রিল (পানির পাইপ)ও সংযোগ পয়েন্ট থাকতে হবে; আন্ডারগ্রাউন্ড থেকে পানি তোলার জন্য জকি পাম্প ও প্রশিক্ষিত জনবল থাকতে হবে; ভবনের সামনের সড়ক অন্তত ৩০ ফুট চওড়া হতে হবে; প্রয়োজন অনুযায়ী জরুরি বহির্গমন সিঁড়ি থাকতে হবে। কিন্তু ভবন নির্মাণকারীরা প্রভাবশালী হওয়ায় এসব শর্ত এড়িয়ে যাচ্ছেন।

ভবনমালিকেরা জানেনই না!

ছয়তলার বেশি ভবনের তিনজন মালিকের সঙ্গে কথা বলেছেন এ প্রতিবেদক। তাঁদের সবাই দাবি করেছেন, বহুতল ভবনের জন্য এসব শর্তের বিষয়টি তাঁদের জানা নেই। শহীদ রবিউল ইসলাম সড়কের (সিনেমা হল সড়ক) নির্মাণাধীন সাততলা ভবনের মালিক আকরামুল হক বিশ্বাস বলেন, যেহেতু নির্মাণকাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই প্রয়োজনীয় সব শর্ত পূরণ করবেন তিনি।

কর্তৃপক্ষের তদারক নেই

বহুতল ভবন নির্মাণে পৌরসভা ও ফায়ার সার্ভিসের যে তদারকি থাকার দরকার ছিল, তা যথাযথভাবে হচ্ছে না। মূলত এ কারণেই, নিয়ম মানতে ভবনমালিকদের কোনো মাথাব্যথা নেই।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বহুতল ভবনে আগুন নেভানোর জন্য চুয়াডাঙ্গার চারটি ফায়ার সার্ভিস স্টেশনের কোনোটিই প্রস্তুত নয়। বহুতল ভবনে আগুন নেভানো ও আটকে পড়া মানুষকে উদ্ধারের জন্য টার্ন ট্রাবল লেবার (টিটিএল) এবং আগুন নেভানোর জন্য স্নোরকেল (মইসহ গাড়ি) থাকা দরকার। কিন্তু এখানে তা নেই। দ্বিতীয় শ্রেণির চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনে একটি পানিবাহী, একটি পাম্পবাহী, একটি অ্যাম্বুলেন্স, একটি টানা গাড়ি ও একটি তৃতীয় কল গাড়ি রয়েছে। ফায়ারম্যান আছেন মাত্র ১৬ জন।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবদুস ছালাম বলেন, শহরের শহীদ হাসান চত্বরে বঙ্গজ গ্রুপের নির্মাণাধীন ১০ তলা ভবনের জন্য অনাপত্তি সনদ নেওয়া হয়েছে। বাকি ভবনগুলোর বিষয়ে ফায়ার সার্ভিস স্টেশন, জেলা প্রশাসকের কার্যালয় ও পৌরসভার কাছে কোনো তথ্য নেই।

চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী বলেন, পৌরসভা কেবল নকশা অনুমোদন করে। অগ্নিনির্বাপণব্যবস্থা ঠিকভাবে মানা হচ্ছে কি না, সেটার তদারকির দায়িত্ব ফায়ার সার্ভিসের। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে পৌরসভা নির্মাণকাজ বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, জেলায় কয়টি বহুতল ভবন তৈরি হচ্ছে তা তাঁর জানা নেই। কেবল ইমপ্যাক্ট ফাউন্ডেশন তাদের ১০ তলা ভবনের জন্য ফায়ার সার্ভিসের অনাপত্তিসহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে অনুমোদন নিয়েছে। আর কেউ যোগাযোগ করেনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুস ছালাম বলেন, দুই কারণে তাঁরা আতঙ্কে রয়েছেন। প্রথমত, বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে মালিকেরা শর্ত মানছেন না। দ্বিতীয়ত, এসব ভবনে আগুন নেভানোর মতো সরঞ্জাম দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় থাকবে না।