চুয়াডাঙ্গায় বাঁধের ধস পরিদর্শন করেছে পাউবোর প্রতিনিধিদল
চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামে মাথাভাঙ্গা নদীর তীর রক্ষায় নির্মাণাধীন বাঁধের ধসে যাওয়া এলাকা গত সোমবার পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান কার্যালয়ের প্রতিনিধিদল। তবে দলটি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে চায়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পাউবো প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (নকশা) মোজাম্মেল হোসেনের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল গত সোমবার চুয়াডাঙ্গা আসে। তারা ধসে যাওয়া এলাকা পরিদর্শন করে। মোজাম্মেল হোসেন এ বাঁধের নকশা করেছিলেন।যোগাযোগ করা হলে প্রতিনিধিদলের প্রধান মোজাম্মেল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শনের সময় নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার আগে ধসের প্রকৃত কারণ সম্পর্কে মন্তব্য করা যাবে না।’প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ওই বাঁধে ধসের বিষয়ে গত রোববার প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।