চুয়াডাঙ্গায় বাউল আখড়ায় হামলায় গ্রেপ্তার নেই
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুরে বাউল আখড়ায় হামলা, আগুন এবং বাউলদের মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দামুড়হুদা উপজেলায় বাউল, তরিকাপন্থী ও ল্যাংটা বাবার অনুসারীসহ ভিন্ন মতাবলম্বীদের ২১টি আখড়ার নিরাপত্তায় পুলিশ প্রহরার পাশাপাশি টহল জোরদার করা হয়েছে।
ঘটনার তদন্ত কর্মকর্তা এবং দর্শনা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম গতকাল রোববার বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে আখড়া-সংশ্লিষ্টদের নিজেদের অভ্যন্তরীণ বিরোধের কারণে হামলার ঘটনা ঘটতে পারে। সেখানকার নিরাপত্তা জোরদার
করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুর রাজ্জাক ও দামুড়হুদার সহকারী কমিশনার (ভূমি) আবদুল হালিমকে সঙ্গে নিয়ে গতকাল দুপুরের পর ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। তিনি ক্ষতিগ্রস্ত বাউলদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন। হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে তিনি পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার রাতে গোবিন্দপুরের ওই বাউল আখড়ায় হামলার ঘটনায় আখড়ার মালিক জুলমত শাহ বাদী হয়ে শনিবার রাতে অজ্ঞাতপরিচয় আট-নয়জনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় মামলা করেন। তবে গতকাল এ খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।