চুয়াডাঙ্গায় বাউল আশ্রমে হামলার ঘটনায় মামলা, পুলিশের পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের বাউল রাখাল শাহের আশ্রমে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পাঁচ দিন পর অবশেষে থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার ১০ জনকে আসামি করে দামুড়হুদা থানায় মামলা করেন আশ্রমের খাদেম আলী আহাম্মদ। গতকাল প্রথম আলোর শেষের পাতায় ‘চুয়াডাঙ্গার বাউল আশ্রমে হামলা, বাদ্যযন্ত্র ও আশ্রম ভাঙচুর, অগ্নিসংযোগ’ শীর্ষক সংবাদ প্রকাশ হলে তা জেলা পুলিশের নজরে আসে। সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম নাজমুল হকের নির্দেশে দামুড়হুদা থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা ও উপপরিদর্শক (এসআই) তোবারক আলীসহ পুলিশের একটি দল গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে এবং ২১ নভেম্বর রাতে হামলার সময় আশ্রমে উপস্থিত বাউল ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে। এরপর তারা আশ্রম থেকে আলামত হিসেবে ভাঙা ঢোল-ডুগিসহ বাদ্যযন্ত্র সংগ্রহ করে এবং আশ্রমের খাদেম আলী আহাম্মদকে থানায় নিয়ে আসে। এরপর একটি লিখিত এজাহার গ্রহণ করে।মামলার আসামিরা হলেন: লোকনাথপুর গ্রামের পশ্চিমপাড়ার আলীম মীর, জামাল ও তাঁর ছেলে আজাহার, মুছা, সাজেদুল, বিশারত, আকরাম, মনিরুল, সাদাত ও রেকাত আলী। দণ্ডবিধির ১৩৪/৪৪৭/৩২৭/৪২৭ ও ৩৭৯ ধারায় থানায় করা এজাহারে বলা হয়েছে, লোকনাথপুর গ্রামের বেলেপাড়া মাঠে আলী আহাম্মদ তাঁর শ্যালক ওমর আলীর দেওয়া তিন কাঠা জমিতে আশ্রম গড়ে তোলেন। সেখানে মারফতপন্থী লোকদের নিয়ে ঢোল, ডুগি, তবলা, হারমোনিয়াম নিয়ে শরিয়তি ও মারফতি গান করেন। পাঠকাঠি দিয়ে আশ্রমের ঘর বানিয়ে মারফতি কাজকর্ম করতে থাকেন। এতে গ্রামের কিছু লোক তাঁদের ওপর ক্ষিপ্ত হন। যার পরিপ্রেক্ষিতেই ২১ নভেম্বর রাত নয়টার দিকে আসামিরা আশ্রমে হামলা চালায়। তারা আলী আহাম্মদ ও তাঁর অনুসারীদের ধাক্কা মারে এবং আশ্রমের ঘর ভেঙে দেয়। এ সময় আহাম্মদের কাছে থাকা এক হাজার টাকাও নিয়ে যায় হামলাকারীরা।মামলায় লোকনাথপুর গ্রামের পশ্চিমপাড়ার বাউল হুমায়ুন, আবদুল আজিজ, নাসির উদ্দিন ও জিয়ারুলকে সাক্ষী করা হয়েছে। গ্রাম্যভাবে সালিসি বৈঠক করে মীমাংসার উদ্যোগ নেওয়ার পর তা ব্যর্থ হওয়ায় মামলা করতে দেরি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।এদিকে ওই আশ্রমে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন উদীচী চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক জহির রায়হান। তিনি বলেন, এ ঘটনায় পুলিশের ভূমিকা যথাযথ হয়নি। প্রথম আলোয় সংবাদ প্রকাশের কারণেই পুলিশ শেষ পর্যন্ত মামলা নিয়েছে। দামুড়হুদা থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, সরেজমিনে পরিদর্শন শেষে খাদেম আলী আহাম্মদকে থানায় নিয়ে এসে মামলা নেওয়া হয়েছে। এসআই তোবারক আলীকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।এর আগে গত ৫ এপ্রিল রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের রামনগর গ্রামের ফকির মো. আলীর বাড়ি থেকে ২৮ জন বাউলকে ধরে নিয়ে যায় স্থানীয় মৌলবাদী লোকজন। তারা বাউলদের চুল ও গোঁফ কেটে দেয়। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সারা দেশের বাউলসমাজ। মামলার পর স্থানীয় কয়েকজনকে গ্রেপ্তারও করে পুলিশ। পরে স্থানীয় সাংসদ মো. জিল্লুল হাকিমের হস্তক্ষেপে বিষয়টির মীমাংসা করা হয়।