চুয়াডাঙ্গায় বাউল উৎসব ও গ্রামীণ মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গায় চলছে ৮৩তম বাউল উৎসব ও গ্রামীণ মেলা। প্রখ্যাত বাউলসাধক বিশু শাহর স্মরণে গতকাল শুক্রবার তিন দিনের এই উৎসবের উদ্বোধন করেন বাউল সংগঠক গোলাম ফারুক জোয়ার্দ্দার।
এ উপলক্ষে বেলা ১১টায় বিশু শাহর মাজার-সংলগ্ন আখড়া থেকে বাউল শোভাযাত্রা শুরু হয়ে উৎসব মঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সিরাজ সাঁঈ, ফকির আবু বকর সিদ্দিক ও রাহেলা খাতুনসহ বিশিষ্ট বাউলেরা সংগীত পরিবেশন করেন।
দীর্ঘ ৮৩ বছরের ধারাবাহিকতায় বিশু শাহ বাউল একাডেমি প্রতিবছর ২১ ফাল্গুন তিন দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে। উৎসবকে ঘিরে কয়েক দিন আগে থেকেই বাউল, সাধু, ফকির ও দরবেশদের সমাগম ঘটেছে সরিষাডাঙ্গা বিশু শাহর আখড়াবাড়ি চত্বরে। উৎসব মঞ্চের চারপাশে বিশাল এলাকাজুড়ে বসেছে গ্রামীণ মেলা।
উৎসব মঞ্চের পাশে কথা হয় ৯২ বছর বয়সী বাউল পাচু শাহর সঙ্গে। সদর উপজেলার ছোটশলুয়া গ্রামের এই বাউল জানান, ৪৫ বছর ধরে তিনি এই উৎসবে যোগ দেন। চুয়াডাঙ্গা পৌর এলাকার পশুহাট পাড়ার ৭২ বছর বয়সী হাসিয়া ফকিরও এখানে ৪৫ বছর ধরে আসেন। পার্শ্ববর্তী নীলমণিগঞ্জের ১০২ বছরের কানু গোপাল পাল বলেন, ‘বিশু শাহ আধ্যাত্মিক সাধক ছিলেন। তাঁর ইশারায় এলাকায় অনেক অলৌকিক ঘটনা ঘটেছে।’