চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় বিএনপির এক নেতা নিহত হয়েছেন। একই দিন সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তাসহ দুই মোটরসাইকেল আরোহী আহত হন। আলমডাঙ্গায় নিহত বিএনপির নেতার নাম ছমির উদ্দিন (৫০)। তিনি আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও খুদিয়াখালী গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে আলমডাঙ্গার মুন্সীগঞ্জ পশুহাট এলাকায় কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ছমির উদ্দিন (৫০) গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর বেলা একটায় তিনি মারা যান। ছমির উদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় উত্তেজিত জনতা ওই মহাসড়কের যানবাহনে ভাঙচুর চালায়। চুয়াডাঙ্গা ৩৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনের সড়কে গতকাল দুপুর ১২টায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি মোটরসাইকেলের আরোহী সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক খালিদ হোসেন ও অপর মোটরসাইকেলের চালক রানা আহমেঞ্চদ আহত হন। তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।