চুয়াডাঙ্গায় বিএনপি প্রার্থীর সমর্থককে জরিমানা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী মীর মহিউদ্দিনের এক সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হাসান গতকাল শুক্রবার রাত নয়টার দিকে নির্ধারিত মাপের চেয়ে বড় পোস্টার টাঙানোর দায়ে মো. নয়ন নামের ওই সমর্থককে জরিমানা করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিএনপির প্রার্থীর ধানের শীষ মার্কার নির্ধারিত আকারের চেয়ে বড় মাপের পোস্টারগুলো দলীয় কর্মীরা গতকাল রাতে বৈদ্যুতিক খুঁটি থেকে খুলে নিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ প্রার্থীর নৌকা মার্কার কর্মী-সমর্থকেরা তাদের আটকে রেখে ভ্রাম্যমাণ আদালতে খবর দেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে জরিমানা করেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য মাইকে প্রচারের দায়ে গত বৃহস্পতিবার রাতে নৌকা মার্কার প্রার্থী হাসান কাদিরের এক সমর্থক শাফায়েত হোসেনকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন।