চুয়াডাঙ্গায় বিএনপির দুই পক্ষের প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় দ্বিধাবিভক্ত জেলা বিএনপির দুটি কমিটির সমর্থন নিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী দলের তৃণমূল নেতারা অস্বস্তিতে পড়েছেন। দলের দুটি কমিটি জেলার ২৮টি ইউনিয়নে প্রায় দ্বিগুণসংখ্যক প্রার্থী দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ ছাড়া সদর উপজেলার চারটি ইউপিতে পাল্টাপাল্টি কয়েকজনকে সমর্থন দেওয়া হয়েছে।খোঁজ নিয়ে ও দলীয় সূত্রে জানা গেছে, বিভক্ত জেলা বিএনপির একাংশের নেতৃত্বে আছেন কমিটির সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টাও। অন্য অংশের নেতৃত্বে আছেন আরেক কমিটির সভাপতি অহিদুল ইসলাম বিশ্বাস।জেলার মূল বিএনপি হিসেবে দাবিদার দুদু পক্ষ এরই মধ্যে ১৬টি ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ১৬ জনকে মনোনীত করেছে। বাকি ১২টি প্রক্রিয়াধীন। অন্যদিকে অহিদুল পক্ষ ২৮টি ইউপির সব কটিতে প্রার্থী মনোনয়ন দিয়েছে। এ ছাড়া সদর উপজেলায় কয়েকটি ইউপিতে পাল্টাপাল্টি কয়েকজনকে সমর্থন দিয়েছে।সদর উপজেলা বিএনপির (অহিদুল পক্ষ) সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বিশ্বাস ৫ মে উপজেলার সাতটি ইউপিতে আটজন প্রার্থীর নাম চূড়ান্ত করেন। প্রার্থীরা হলেন আলোকদিয়া ইউনিয়নে আবদুল মজিদ মোল্লা, পদ্মবিলায় আবু তাহের, তিতুদহে মশিউর রহমান, মোমিনপুরে জাহাঙ্গীর হোসেন, বেগমপুরে আলী হোসেন জোয়ার্দার, কুতুবপুরে নুরুল ইসলাম এবং শংকরচন্দ্র ইউনিয়নে দুজন আবদুর রাজ্জাক ও সিরাজুল ইসলাম।এ সিদ্ধান্তের বিরোধিতা করে জেলা বিএনপির (অহিদুল পক্ষ) সহসভাপতি হাবিবুর রহমান ৬ মে আলোকদিয়ায় সমাবেশ করে ইউনিয়ন বিএনপির সম্পাদক জাহিদ টিপুকে সমর্থন দেন।৭ মে জেলা বিএনপির (একাংশের) সভাপতি অহিদুল ইসলাম বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শংকরচন্দ্র ইউনিয়নে পূর্বঘোষিত দুজন প্রার্থীর পরিবর্তে একমাত্র আবদুর রাজ্জাককে সমর্থন দেওয়া হয়।এদিকে ৯ মে সদর উপজেলা বিএনপির (অহিদুল পক্ষ) দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তিতুদহে আকতার হোসেন এবং বেগমপুরে আহম্মদ আলীকে বিএনপির সমর্থন দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, অধিকাংশ নেতা-কর্মীর মতামতের ভিত্তিতে এটা করা হয়েছে। এ ঘোষণার পরিপ্রেক্ষিতে অহিদুল ইসলাম বিশ্বাস বলেন, তিতুদহ, বেগমপুর ও আলোকদিয়া ইউনিয়নে ৫ মে ঘোষিত তালিকাই বহাল থাকবে। এরই মধ্যে ২৮টি ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এসব প্রার্থীকে সমর্থন জানাতেও দলীয় নেতা-কর্মীদের বলা হয়েছে।জেলা বিএনপির যুগ্ম সম্পাদক (দুদু পক্ষ) ওয়াহেদুজ্জামান জানান, জেলা থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়নি, হবেও না। থানা কমিটির নেতারা ইউনিয়ন কমিটির সঙ্গে আলাপ করে যোগ্য দেখেই প্রার্থী চূড়ান্ত করেছেন। বাকি ১২টি ইউনিয়নে অপেক্ষাকৃত যোগ্য লোককেই সমর্থন দেওয়া হবে।