চুয়াডাঙ্গায় বিনা মূল্যের বই বিতরণে অর্থ আদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সাদিয়া রেজা ১ জানুয়ারি নতুন বই সংগ্রহের সময় বিদ্যালয় থেকে তার কাছে ২০ টাকা দাবি করা হয়। ওই টাকা দিয়েই তাকে সরকারের বিনা মূল্যের বই নিতে হয়েছে। সাদিয়ার মতো ওই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে এভাবে ২০ টাকার বিনিময়ে বই নিতে হয়েছে। ঘোষবিলা বিদ্যালয়ের মতোই জেলার চারটি উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে বই পরিবহনখরচ বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে এভাবে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষা কর্মকর্তাদের যোগসাজশে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা অবৈধভাবে টাকা আদায় করছেন বলে অভিভাবকদের অভিযোগ। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার ১৩১টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের অনুকূলে বই পরিবহন বাবদ চলতি বছর আড়াই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু বিদ্যালয়গুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় উপজেলা শিক্ষা কার্যালয় থেকে বই নিয়ে যেতে হয়েছে। আলমডাঙ্গা উপজেলার বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক প্রধান শিক্ষকেরা অভিযোগ করেন, বই পরিবহন ও গুদামে সংরক্ষণের কথা বলে তাঁদের কাছ থেকে ৩০০ টাকা হারে আদায় করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ। শিক্ষা অফিস ও পরিবহনের এই খরচ মেটাতে বিদ্যালয়গুলো ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করছে। আবদুর রশিদ বলেন, সহকারী শিক্ষা কর্মকর্তারা টাকা নিলেও নিতে পারেন। তবে তিনি নিচ্ছেন না বলে দাবি করেন। ছাত্রছাত্রীদের কাছ থেকে ২০ টাকা হারে আদায়ের বিষয়টি ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি হারুন রেজা নিশ্চিত করেছেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম ছাত্রছাত্রীদের কাছ থেকে ২০ টাকা হারে টাকা আদায়ের সত্যতা স্বীকার করে জানান, একজন শিক্ষক এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার জন্য এই টাকা নেওয়া হয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, প্রধান শিক্ষকের এ কথা সত্য নয়। এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মাহফুজুল হোসেন জানান, সরকারি খরচেই উপজেলা শিক্ষা অফিসে বই পৌঁছানোর নির্দেশনা রয়েছে। সে জন্য টাকা বরাদ্দ রয়েছে। বই বাবদ কেউ কোনো টাকা আদায় করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জেলা শিক্ষক অভিভাবক ফোরামের সাধারণ সম্পাদক আবদুল মোত্তালিব জানান, বিনা মূল্যে সরকারি বই বিতরণের কথা থাকলেও শিক্ষা অফিস ও বিভিন্ন বিদ্যালয়ে টাকা আদায়ের খবর উদ্বেগজনক।