চুয়াডাঙ্গায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সমাবেশ, মিছিল

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ এবং ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ও চিকিৎসা ভাতা, শতভাগ বাড়িভাড়া ও পেনশনসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা আন্দোলনে নেমেছেন। গতকাল রোববার তাঁরা চুয়াডাঙ্গায় সমাবেশ, মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন।
বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষকনেতা কাজল মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আজিজুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. আবুল কাশেম ও সাধারণ সম্পাদক ফোরকান আলী এবং পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুনশি বক্তব্য দেন।
সমাবেশ শেষে শিক্ষক-কর্মচারীরা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি মিছিল বের করেন এবং শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে তা শেষ হয়। এ সময় মিছিল থেকে ১১ দফা দাবির পক্ষে স্লোগান দেওয়া হয় এবং চলতি বছরের ৬ সেপ্টেম্বরের মধ্যে তা মেনে নিতে শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়।
নেতারা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদের কাছে ১১ দফা দাবিসংবলিত স্মারকলিপি পেশ করেন এবং তা শিক্ষামন্ত্রী বরাবর পাঠানোর অনুরোধ করেন।
জেলা প্রশাসক স্মারকলিপিটি মন্ত্রীর কাছে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে নেতাদের আশ্বাস দেন।