চুয়াডাঙ্গায় বেড়েছে চালের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার হাটবাজারে ধান-চালের দাম প্রতিদিনই বাড়ছে। ১৫ দিনের ব্যবধানে মোকামে প্রতি কেজিতে দুই থেকে তিন টাকা এবং খুচরা বাজারে পাঁচ থেকে সাত টাকা পর্যন্ত দাম বেড়েছে।পৌর এলাকার ইসলাম পাড়ার বাসিন্দা দিনমজুর ইয়াছদ্দিন বলেন, ‘ঈদির দুই-তিন দিন আগে থেইকে দোকানদাররা চালির দাম বাড়ি দিয়েচে, বেশি দামে চাল কিনতি গিয়ে তরকারি কম কিনতি হচ্চে।’ একই ধরনের কথা বলেন রিকশাচালক লেলিন হোসেনসহ কয়েকজন।গতকাল রোববার চুয়াডাঙ্গার বড়বাজার চালপট্টিতে দেখা গেছে, মোটা চাল (স্বর্ণ) প্রতি কেজি ২৪ থেকে ২৫ টাকা এবং মাঝারি চিকন চাল (ইরি-২৮) ৩১ থেকে ৩২ টাকা এবং মিনিকেট ৩৫ থেকে ৩৭ টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা জানান, ১৫ দিন আগে একই বাজারে প্রতি কেজি মোটা চাল ২০ থেকে ২১ টাকা, মাঝারি চিকন চাল ২৫ থেকে ২৬ টাকা এবং মিনিকেট চাল ৩০ থেকে ৩১ টাকা দরে বিক্রি হয়েছে।জেলার ধান-চালের সবচেয়ে বড় মোকাম জীবননগর হাটে গতকাল চালের পাইকারি দর ছিল যথাক্রমে প্রতি কেজি মোটা চাল (স্বর্ণ) ১৯ থেকে ২০ টাকা, মাঝারি চাল (ইরি-২৮) ২৪ থেকে ২৫ টাকা এবং মিনিকেট ২৮ থেকে ৩০ টাকা। এ ছাড়া ধানের দর প্রতি মণ (৪০ কেজি হিসেবে) মোটা (হাইব্রিড) ৫০০ থেকে ৫১০ টাকা, মোটা (বোতল স্বর্ণা) ৫৫০ থেকে ৫৬০ টাকা, মাঝারি (ইরি-২৮) ৬২০ থেকে ৬৪০ টাকা এবং মিনিকেট ৭০০ থেকে ৭৪০ টাকা দরে বিক্রি হয়েছে। হাটের আড়তদার আবদুল হামিদ জানান, ১৫ দিনের ব্যবধানে প্রতি মণ চালের দর ৮০ থেকে ১২০ টাকা এবং ধানের দর ৫০ থেকে ৬০ টাকা বেড়েছে। শুক্রবার জেলার অন্যতম মোকাম চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ হাটে প্রতি কেজি চাল মোটা (হাইব্রিড) ১৯ থেকে ২০ টাকা, মাঝারি (নতুন ইরি-২৮) ২৪ থেকে ২৫ টাকা ও (পুরাতন ইরি-২৮) প্রতি কেজি ২৮ থেকে ২৯ টাকা এবং মিনিকেট ৩১ থেকে ৩২ টাকা দরে বিক্রি হয়েছে। এ ছাড়া ধানের দর প্রতি মণ (৪০ কেজি) মোটা (হাইব্রিড) ৫৩০ থেকে ৫৪০ টাকা, মোটা (স্বর্ণা) ৫৭০ থেকে ৫৮০ টাকা, মাঝারি (ইরি-২৮) ৭০০ টাকা এবং মিনিকেট ৮০০ থেকে ৮২৫ টাকা দরে বিক্রি হয়।জেলা চালকল মালিক সমিতির সভাপতি এম আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, বিগত বছরগুলোর হিসাবে পাইকারি বাজারে বর্তমান দাম বাড়ার বিষয়টি স্বাভাবিক। নতুন ধানের আমদানি বাড়লেই দাম আবার আগের অবস্থানে চলে যাবে। তবে, খুচরা বিক্রেতাদের অস্বাভাবিক লাভের কারণে চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠছে।চুয়াডাঙ্গা নতুন বাজার চালপট্টির খুচরা বিক্রেতা মাসুম বিশ্বাস বলেন, আড়তদার ও চালকল মালিকেরা সিন্ডিকেট করে ধানচাল মজুদ রাখায় দাম বেড়ে চলেছে। ইউনুচ আলী নামের এক বিক্রেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, শনি ও রোববারের বৃষ্টিকে অজুহাত দেখিয়ে চাতাল ও চালকল মালিকেরা চালের দাম আরেক দফা বাড়িয়ে দিলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।