চুয়াডাঙ্গায় বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না
চুয়াডাঙ্গায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় অভিযানের সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে। তবে বাজারে দাম বেশি হওয়ায় কৃষকেরা সরকারি গুদামে এক ছটাক ধানও বিক্রি করছেন না।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চার হাজার ৭৭৬ মেট্রিক টন চাল ও এক হাজার ১৬৪ মেট্রিন টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে চলতি বছরের ২ জুন চুয়াডাঙ্গা জেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান শুরু হয়। সরকারিভাবে প্রতি কেজি ধান ১৮ টাকা ৫০ পয়সা এবং প্রতি কেজি চালের দাম ২৯ টাকা নির্ধারণ করা হয়।
অভিযানের শেষ দিন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ ১৪৫ মিলমালিকের কাছ থেকে তিন হাজার ৪১৩ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়। এ সময়ে কোনো ধান সংগ্রহ করা যায়নি। এ অবস্থায় সরকার এই সংগ্রহের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ায়। ২২ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত সময়ে আরও ৩১১ মেট্রিক টন চাল সংগ্রহ সম্ভব হলেও কোনো ধান সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। চাল সরবরাহে অপারগতা প্রকাশ করে চুক্তিবদ্ধ না হওয়ায় জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জোনারুল ইসলাম জোয়ার্দারসহ সাত মিলমালিকের সনদ বাতিলসহ কালো তালিকাভুক্ত করা হয়েছে।
সদর উপজেলার খেজুরতলা গ্রামের কৃষক তসলিম উদ্দিন জানান, সরকারি গুদামে ধান বিক্রি করতে গেলে নানা হয়রানিতে পড়তে হয়। কারণ, ধানের দাম বেশি হলে সে সুবিধা নেয় একটি সুবিধাভোগী চক্র। কৃষকদের পদে পদে দুর্ভোগ পোহাতে হয়। তা ছাড়া এ বছর ধানের সরকারি মূল্য বাজারের তুলনায় কম হওয়ায় কেউ আগ্রহ দেখাচ্ছেন না।
জেলা চালকল মালিক সমিতির সভাপতি এম আবদুল্লাহর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক চালকলমালিক প্রথম আলোকে জানান, চালকলের লাইসেন্স বাতিলসহ কালো তালিকাভুক্ত হওয়ার আশঙ্কায় লোকসান মেনে নিয়েই চাল সরবরাহ করা হচ্ছে। জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক রফিজ উদ্দিন জানান, বাকি দিনগুলোয় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা চলছে। তবে ধান পাওয়ার কোনো সম্ভাবনা নেই।