চুয়াডাঙ্গায় ব্যবসায়ী অপহূত, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ-শম্ভুনগর সড়কের লকাইগাড়ি থেকে ফারুক হোসেন (২৫) নামের এক ব্যবসায়ী অপহূত হয়েছেন। গত শনিবার রাত ১০টার দিকে সরোজগঞ্জ বাজার থেকে গ্রামের বাড়ি শম্ভুনগর ফেরার পথে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাঁকে অপহরণ করে নিয়ে যায়।অপহরণের ঘটনায় থানায় অভিযোগ জানানো হলেও গতকাল রোববার এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ অপহূত ব্যবসায়ীকে উদ্ধার করতে পারেনি। তবে অপহরণের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সোনা মিয়া (৩২) ও সিদ্দিক আলী (৩০) নামের দুই ব্যক্তিকে আটক করেছে। ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী অপহূত ফারুক হোসেনের খালাতো ভাই মাহবুব হোসেন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের নামে গতকাল দুপুরে সদর থানায় একটি মামলা করেন। মাহবুব প্রথম আলোকে জানান, শনিবার রাত ১০টার দিকে ১০ জন একসঙ্গে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে লকাইগাড়িতে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে তাঁদের টাকাপয়সা ও মুঠোফোন কেড়ে নেয়। একপর্যায়ে কয়েকজন মিলে ফারুক হোসেনকে অস্ত্রের মুখে ঘটনাস্থল থেকে দূরে নিয়ে যায়। একপর্যায়ে মাহবুবের সঙ্গে থাকা তাঁর মেয়ে অন্তরা (৭) কান্নাকাটি শুরু করলে ফারুক হোসেন ছাড়া সবাইকে ছেড়ে দেওয়া হয়।সদর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন প্রথম আলোকে জানান, অপহরণ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপহূত ব্যক্তিকে উদ্ধারে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে।