চুয়াডাঙ্গায় ব্যবসায়ী অপহূত, আহত ১
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুরে গত রোববার রাতে মোটরসাইকেলসহ এক ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় অপর একজনকে কুপিয়ে জখম করা হয়। আহত ব্যবসায়ী রবিউলকে (৩২) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপহূত ওই ব্যবসায়ীর নামও রবিউল ইসলাম (৩০)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে।আহত রবিউল জানান, রোববার রাত ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামের আত্মীয়ের বাড়ি থেকে একই মোটরসাইকেলে তাঁরা বাড়ি ফিরছিলেন। উপজেলার তিওরবিলা ও কুতুবপুর গ্রামের মধ্যবর্তী চান্দারখাল নামক স্থানে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে। এরপর তাঁকে টেনে-হিঁচড়ে মাঠের মাঝখানে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। এ সময় তিনি দৌড়ে ভুট্টাখেতের মধ্যে ঢুকে পড়ে আত্মরক্ষা করেন। পরে তিওরবিলা গ্রামে ভগ্নিপতি আনিছুর রহমানের বাড়িতে গিয়ে ঘটনা খুলে বলেন। রাত ১২টার দিকে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ওয়ালিউর রহমান জানান, আহত রবিউলের মাথা, ঘাড় ও পিঠে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। শরীরে অন্তত ৩০টি সেলাই দেওয়া হয়েছে। এদিকে রক্তাক্ত অবস্থায় রবিউল আত্মরক্ষা করলেও সোমবার দুপুরে এ খবর লেখা পর্যন্ত অপহূত রবিউল ইসলামের সন্ধান পাওয়া যায়নি। মোটরসাইকেলটিও উদ্ধার সম্ভব হয়নি।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী জানান, এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে পুলিশ তাঁকে উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।