চুয়াডাঙ্গায় ব্যবসায়ীসহ দুজন নিখোঁজ পাঁচ দিন পরিবারের দাবি অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় একজন কম্পিউটার ব্যবসায়ী ও তাঁর দোকানের কর্মচারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত শনিবার রাতে চুয়াডাঙ্গা শহর থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়ি যাওয়ার পথে তাঁরা নিখোঁজ হন। দুর্বৃত্তরা মুক্তিপণ আদায়ের জন্য তাঁদের অপহরণ করেছে বলে পরিবার দাবি করেছে।
ওই দুজন হলেন চুয়াডাঙ্গা শহরের শহীদ আবুল কাশেম সড়কের গিগাবাইট অ্যারিস্ট কম্পিউটারের মালিক সদর উপজেলার নিমতলা গ্রামের কুদরত আলীর ছেলে আবু সামা (২৮) ও তাঁর কর্মচারী একই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মাসুদ রানা (২৪)। গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পুলিশ তাঁদের উদ্ধার করতে পারেনি।
কুদরত আলী জানান, শনিবার রাত সাড়ে আটটার দিকে তাঁর ছেলে আবু সামা মুঠোফোনে ফোন করে জানান, তিনি মাসুদ রানাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চড়ে রওনা দিয়েছেন। রাত ১০টার আগেই বাড়ি ফিরবেন।
স্বজনেরা জানান, আবু সামা ও মাসুদ রানা বাড়ি না ফেরায় ১২টার পর থেকে পরিবারের লোকজন তাঁদের খোঁজাখুঁজি শুরু করেন। গতকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত আবু সামার মুঠোফোনটি খোলা ছিল। কিন্তু পরিবারের লোকজন ওই সময়ে একাধিকবার কথা বলার চেষ্টা করলেও কেউ ফোন ধরেননি। এ ঘটনায় আবু সামার মামা নুরুল ইসলাম গতকাল দুপুরে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মাসুদ রানার মা আকলিমা খাতুন জানান, মাসুদ রানা চুয়াডাঙ্গা সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি আবু সামার দোকানে খণ্ডকালীন কর্মচারী হিসেবে কাজ করে নিজের ও ছোট ভাইয়ের পড়াশোনার খরচ চালাতেন।
সরেজমিন নিমতলায় গেলে স্থানীয় পদ্মবিলা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রহমানসহ গ্রামবাসী জানান, আবু সামা ও মাসুদ রানা শান্ত স্বভাবের ছিলেন।
পাশের কুশোডাঙ্গা স্কুল মোড়ের বাসিন্দা মতিয়ার রহমান ও আতিয়ার রহমান জানান, শনিবার রাত নয়টার পর তাঁরা আবু সামা ও মাসুদ রানাকে মোটরসাইকেলে দ্রুত বেগে নিমতলা যেতে দেখেছেন। ওই সময় মোটরসাইকেলটির পেছনে একটি সাদা মাইক্রোবাসও ছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, নিখোঁজ দুজনকে উদ্ধারের জন্য পুলিশ কাজ শুরু করেছে। এর আগে গত ১০ জানুয়ারি সদর উপজেলার বদরগঞ্জ এলাকা থেকে সোহেল রানা (২৪) নামের এক ইটভাটার মালিককে অপহরণ করে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল দুর্বৃত্তরা। এখন পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি।