চুয়াডাঙ্গায় ব্যাংক কর্মকর্তা আট দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগরে মো. হাসানুজ্জামান নামের এক ব্যাংক কর্মকর্তাকে এক সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। ১ সেপ্টেম্বর সন্ধ্যায় জীবননগর শহরের ভাড়া বাসা থেকে বের হয়ে তিনি আর ফেরেননি।
মো. হাসানুজ্জামান (৪০) আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে এবং ইসলামী ব্যাংক লিমিটেড জীবননগর শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা। ছেলের রহস্যজনক নিখোঁজের ঘটনায় তাঁর বাবা গত বুধবার জীবননগর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
পুলিশ, একাধিক সহকর্মী ও স্বজনেরা জানান, মো. হাসানুজ্জামান খুলনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাসের পর ইসলামী ব্যাংকে যোগ দেন। ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি জীবননগর শাখায় ইনভেস্টমেন্ট ইনচার্জ হিসেবে যোগদান করেন।
স্থানীয় সূত্রগুলো থেকে জানা গেছে, জীবননগরে যোগদানের পর হাসানুজ্জামান একটি মেসে ওঠেন। পরে শহরের মুক্তিযোদ্ধা পাড়ায় স্ত্রী ও চার বছর বয়সী ছেলেকে নিয়ে বসবাস করতেন। সন্তানসম্ভবা স্ত্রী দুই মাস আগে বাবার বাড়িতে যান। বুধবার তিনি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।
ইসলামী ব্যাংক জীবননগর শাখার ব্যবস্থাপক নূর মোহাম্মদ জানান, কর্মকর্তা হাসানুজ্জামান ৪ সেপ্টেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বিষয়টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। তিনি বলেন, ‘যত দূর জেনেছি, পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মগোপনে রয়েছেন।’