চুয়াডাঙ্গায় ভিজিডি কার্ড বিতরণে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় দুস্থদের জন্য উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির উপকারভোগী নারীদের তালিকা তৈরি নিয়ে বিশৃঙ্খলা চলছে। জেলার ৩৫টি ইউনিয়নের মধ্যে ৩১টিতেই নির্ধারিত সময়ের পরও তালিকা তৈরি করা যায়নি। এতে প্রকৃত দুস্থ নারীদের বাছাই ও তাঁদের মধ্যে সঠিক সময়ে খাদ্যশস্য বিতরণ অনিশ্চয়তার মধ্যে পড়েছে।জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গার চারটি উপজেলায় চার হাজার ৪৭৪ জন নারীকে তালিকাভুক্ত করে তাঁদের চলতি বছরের জানুয়ারি থেকে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে ৩০ কেজি করে চাল/গম দেওয়া হবে।জেলায় মোট বরাদ্দের প্রায় অর্ধেকই দেওয়া হয়েছে দামুড়হুদা উপজেলায়। এই উপজেলার সাতটি ইউনিয়নে দুই হাজার ১৬১টি ভিজিডি কার্ড বরাদ্দ রাখা হয়েছে। অথচ ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত আলমডাঙ্গা উপজেলায় বরাদ্দ সবচেয়ে কম।সরকারি পরিপত্র অনুযায়ী ২০১২ সালের ১৫ অক্টোবরের মধ্যেই উপকারভোগী বাছাই শেষ করে ১৫ ডিসেম্বরের মধ্যে কার্ড বিতরণের কথা থাকলেও গতকাল ৩ জানুয়ারি পর্যন্ত চারটি ইউনিয়ন ছাড়া কোনো ইউনিয়নেই তা করা হয়নি। সদর উপজেলার আলোকদিয়া ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান জানান, আগামী সোমবার তালিকা তৈরি সম্পন্ন হবে। মোমিনপুর ইউনিয়ন পরিষদের সচিব হেলালউজ্জামান জানান, ৫৯ জনের তালিকা তৈরির মৌখিক নির্দেশ পেলেও দাপ্তরিক কোনো চিঠি পাননি। আগামী সপ্তাহে তালিকা তৈরির কাজ শুরু হবে। দামুড়হুদার কুড়ালগাছী ইউনিয়নে ২৭ ডিসেম্বর ভিজিডি কার্ড বাছাই কমিটির সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গনি উপস্থিত হয়ে ৬০ শতাংশ কার্ড দাবি করেন। এতে সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়। ইউপি চেয়ারম্যান সরফরাজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আওয়ামী লীগ নেতার অনৈতিক চাপের কারণে ভিজিডি বিষয়ে সভা ডাকতে সাহস পাচ্ছেন না। তাই ভিজিডির তালিকা কত দিনে হবে সেটা বলা যাচ্ছে না। আওয়ামী লীগ নেতা ওসমান গনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘চেয়ারম্যান জামায়াত নেতা হওয়ায় দলীয় লোকদের তালিকাভুক্ত করতে চাইছেন। এতে বাধা দিয়ে প্রকৃত দুস্থদের তালিকায় নাম রাখতে বলা হয়েছে।’ এদিকে গত ৯ ডিসেম্বরের অবরোধ চলাকালে জীবননগরে সংঘটিত সহিংসতার মামলায় গ্রেপ্তার এড়াতে আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ও আটজন ইউপি সদস্য প্রায় এক মাস ধরে আত্মগোপনে আছেন। সাখাওয়াত জানান, এলাকার বাইরে থাকায় ভিজিডি বিষয়ে সভা করতে পারেননি। একই ঘটনায় আত্মগোপনকারী সীমান্ত ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান জানান, তালিকার জন্য ইউএনওর কাছ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন।আলমডাঙ্গার বেলগাছী ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল ইসলামের বিরুদ্ধে গত ৩০ ডিসেম্বরের আটজন ইউপি সদস্য ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, চেয়ারম্যান নিয়মবহির্ভূতভাবে একক সিদ্ধান্তে ভিজিডি কার্ড বণ্টন করছেন। এ ব্যাপারে ব্যাপক দুর্নীতি ও স্বজনপ্রীতি হচ্ছে। অভিযোগ অস্বীকার করে আমিরুল ইসলাম বলেন, ‘এখনো এ বিষয়ে কোনো সভা করা হয়নি। তাই কার্ড বণ্টন নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ অমূলক।’জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আফরোজা জাহান বলেন, ‘জেলার ৩৫টি ইউনিয়নের মধ্যে এ পর্যন্ত আলমডাঙ্গার চারটি ইউনিয়নের তালিকা জমা পড়েছে। সদর উপজেলার তালিকা আগামী সপ্তাহে পাওয়া যাবে। বাকিদের বিষয়ে এখনো জানা যায়নি।’