চুয়াডাঙ্গায় ভিজিডির চাল বিতরণে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় দুস্থ নারীদের সহায়তার জন্য ভিজিডির কার্যক্রম শুরুতেই বাধাগ্রস্ত হয়েছে। নির্ধারিত সময়ের সাড়ে তিন মাস পরও উপকারভোগী বাছাই এবং কার্ড বিতরণের কাজ শেষ না হওয়ায় জেলার কোথাও ভিজিডির চাল বিতরণ করা যায়নি। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের অভিযোগ, উপকারভোগী ব্যক্তিদের তালিকা তৈরির শুরু থেকেই আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা চাপ দিয়ে আসছেন। তাঁরা মোট বরাদ্দ দেওয়া কার্ডের ৫০-৬০ ভাগ এবং কোথাও শতভাগ দাবি করছেন। এতে প্রকৃত দুস্থ নারীরা বঞ্চিত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার চুয়াডাঙ্গার চার উপজেলার ৩৫টি ইউনিয়নের চার হাজার ৪৭৪ জন দুস্থ নারীকে ভিজিডি কর্মসূচির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। তাঁরা চলতি বছরের জানুয়ারি থেকে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে ৩০ কেজি করে চাল অথবা গম পাবেন। ২০১২ সালের ১৫ অক্টোবরের মধ্যেই উপকারভোগী বাছাই শেষ করে ১৫ ডিসেম্বরের মধ্যে কার্ড বিতরণের কথা। অথচ ১ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো ইউনিয়নেই ভিজিডি কার্ড বিতরণ করা হয়নি।জানা গেছে, চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা ও জীবননগর উপজেলার ২৮টি ইউনিয়নে দুই হাজার ৩১৩টি এবং দামুড়হুদা উপজেলার সাতটি ইউনিয়নে দুই হাজার ১৬১টি ভিজিডি কার্ড বরাদ্দ করা হয়েছে। আওয়ামী লীগের নেতাদের চাপের কারণে দামুড়হুদার চারটি ইউনিয়নে এখনো উপকারভোগী ব্যক্তিদের তালিকা করা সম্ভব হয়নি। সদর ইউনিয়নে দলীয় নেতারা শতভাগ তালিকা তৈরি করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, দামুড়হুদার কুড়ালগাছি ইউনিয়নে কার্ড তৈরির কাজ শুরুই হয়নি। ইউপি চেয়ারম্যান সরফরাজ আলী জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গনি ৬০ শতাংশ কার্ড দাবি করায় তালিকা তৈরি করা যায়নি। তবে ওসমান গনি এ অভিযোগ অস্বীকার করেছেন।জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারগিস বেগম তালিকা তৈরির কাজ শেষ করতে পারেননি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউপি সদস্য অভিযোগ করেন, এখানেও আওয়ামী লীগের নেতারা শতভাগ তালিকা তৈরির পাঁয়তারা করছেন।জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আফরোজা জাহান দাবি করেন, চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা ও জীবননগর উপজেলায় তালিকা তৈরির পর কার্ড লেখা চলছে। দামুড়হুদার ইউএনও তালিকা তৈরির জন্য আরও এক সপ্তাহ সময় নিয়েছেন।