চুয়াডাঙ্গায় ভুয়া পরীক্ষার্থীর এক বছর কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে রাশেদ খান মেনন নামের এক ভুয়া এইচএসসি পরীক্ষার্থীকে এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। তিনি চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের ছাত্র সাইফুর রহমানের হয়ে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।চুয়াডাঙ্গা সরকারি কলেজ সূত্রে জানা গেছে, গতকাল এইচএসসি মানবিক বিভাগের অর্থনীতি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে সাইফুর রহমান নামের এক পরীক্ষার্থীর স্বাক্ষর নিয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ সজল কান্তি মণ্ডল এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের কলেজ পরিদর্শক অমল কুমার বিশ্বাসের সন্দেহ হয়।বিষয়টি নিয়ে কক্ষ পরিদর্শক চ্যালেঞ্জ করলে ওই পরীক্ষার্থী অন্যের হয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে বলে স্বীকার করেন। তাঁর নাম রাশেদ খান মেনন। তিনি সদর উপজেলার আলুকদিয়া চকপাড়ার সামিউল হোসেনের ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের সমঞ্চান (ইংরেজি) প্রথম বর্ষের ছাত্র। রাশেদ খান মেনন স্বীকার করেন, তিনি সাইফুর রহমানের হয়ে শুরু থেকেই সব কটি পরীক্ষায় অংশ নিয়েছেন। অপরাধ প্রমাণিত হওয়ায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলার নির্বাহী হাকিম আবুল আমিন তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।