চুয়াডাঙ্গায় ভেজাল সার জব্দ, তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ ও খাড়াগোদা বাজারে গতকাল সোমবার অভিযান চালিয়ে ভেজাল ও নিম্নমানের সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল সার বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।ভেজাল দস্তা সার নিয়ে গত শুক্রবার প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।জানা গেছে, চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট টীটন খিসার নেতৃত্বে দুপুর ১২টার দিকে খাড়াখোদা বাজারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখানকার আহসান হাবীবের দোকান থেকে ঢাকার করতোয়া এগ্রো মার্কেটিং কোম্পানির তৈরি এক কেজি ওজনের ২০৫ প্যাকেট ‘করজিংক হেপ্টা’ জব্দ হয়। হেপ্টাজাতীয় সারে ২১ শতাংশ দস্তা থাকার কথা থাকলেও পরীক্ষা করে ওই সারে পাওয়া গেছে মাত্র ৪ দশমিক ৭ শতাংশ। নিম্নমানের সার বিক্রির দায়ে দোকানের মালিক আহসান হাবীবকে দুই হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এরপর সরোজগঞ্জ বাজারের বিশ্বাস বীজ কেন্দ্রে অভিযান চালিয়ে যশোরের সুফলা এগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের তৈরি এক কেজি ওজনের ৫০ প্যাকেট সুফলা চায়না জিংক (হেপ্টা) জব্দ করা হয়। এতে দস্তার পরিমাণ ২১ শতাংশের পরিবর্তে পাওয়া যায় মাত্র ১ দশমিক ৫ শতাংশ। একই দোকান থেকে ঢাকার ইনতেফা এগ্রো লিমিটেডের তৈরি এক কেজি ওজনের ৫০ প্যাকেট টোপাজ জিংক (মনো) ও এমাগ্রিন কেয়ারের তৈরি এক কেজি ওজনের ২১ প্যাকেট এমা জিংক (মনো) জব্দ করা হয়। এই দুটি সারে মান অনুযায়ী ৩৬ শতাংশ দস্তা থাকার কথা থাকলেও সেখানে আছে যথাক্রমে ২৬ ও ১৯ শতাংশ। দোকানের মালিক আসাদুজ্জামান বিশ্বাসকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত। দোকানের মালিক অর্থদণ্ডের টাকা নগদ পরিশোধ করেন। এ ছাড়া সরোজগঞ্জ বাজারের নয়ন ট্রেডার্স থেকে ঢাকার স্যাম্পো লি মি করপ কেয়ার ডিভিশনের তৈরি এক কেজি ওজনের ১৪৭ প্যাকেট নিম্নমানের ওয়াংশেং জিংক জব্দ করা হয়। এ সময় দোকানের মালিককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।অভিযান পরিচালনায় আদালতকে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মো. রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোখশানা কামরুন্নাহার ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইয়াকুব আলী জোয়ার্দার।