চুয়াডাঙ্গায় মজনু বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় সন্ত্রাসী মজনু বাহিনীর প্রধান মজনু আলীসহ পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুয়াডাঙ্গা শহর ও আলমডাঙ্গা উপজেলায় গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, তিনটি গুলি, সাতটি বোমা ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মজনু বাহিনীর প্রধান আলমডাঙ্গা উপজেলার বনতিয়রবিলা গ্রামের মজনু আলী, সদস্য একই উপজেলার হাকিমপুর গ্রামের মিলন হোসেন, খায়রুল আলম এবং নবীননগর গ্রামের বিশারত মণ্ডল ও তাঁর ছেলে মওলা মণ্ডল। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. নজরুল ইসলামের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মজনুকে চুয়াডাঙ্গা শহরের হকপাড়ার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি তাঁর বাহিনীর ২১ সদস্যের নাম জানান ও অস্ত্রের সন্ধান দেন। সদর ও আলমডাঙ্গা থানা এবং গোয়েন্দা পুলিশের সদস্যরা আলমডাঙ্গা উপজেলায় রাতভর অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে অন্য চারজনকে গ্রেপ্তার করেন। উদ্ধার করা হয় অস্ত্র, গুলি ও বোমা।