চুয়াডাঙ্গায় মাদ্রাসার কর্মচারী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাপিতখালি গ্রামে মো. শফিউদ্দীন আহমেদ (৪২) নামের মাদ্রাসার একজন কর্মচারী খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গ্রামের শ্যাওড়াতলা মাঠে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে জখম করে। হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে তিনি মারা যান।

নিহত শফিউদ্দিন নাপিতখালী গ্রামের পশ্চিমপাড়ার শাহাদত হোসেনের ছেলে এবং পার্শ্ববর্তী কুনিয়া চাঁদপুর দাখিল মাদ্রাসার অফিস সহকারী।

দামুড়হুদা উপজেলার বোয়ালমারীতে গত পরশু জোড়া খুনের পর আবার এই খুনের ঘটনা ঘটল। তিন দিনের মধ্যে তিন খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

নিহত শফিউদ্দিনের স্ত্রী বুলবুলি খাতুন জানান, তাঁর স্বামী গতকাল রাত সাড়ে নয়টার দিকে জরুরি কাজের কথা বলে বাড়ি থেকে বের হন এবং এর ঘণ্টাখানেকের মধ্যে সন্ত্রাসীদের কবলে পড়েন। হামলার কারণ সম্পর্কে তিনি কিছুই জানাতে পারেননি।

প্রতিবেশী মাবুদ হোসেন জানান, রাত ১০টার দিকে শফিউদ্দিন তাঁর  চায়ের দোকানে বসে মুঠোফোনে কথা বলছিলেন। পরে তিনি চলে যান। সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। শফিউদ্দিনের চিত্কারে ঘটনাস্থলের আশপাশের লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন।

জরুরি বিভাগের চিকিত্সা কর্মকর্তা আতাউর রহমান রাত ১১টার দিকে শফিউদ্দিনকে মৃত ঘোষণা করেন। এরপর স্বজনেরা বিষয়টি পুলিশকে না জানিয়ে লাশ বাড়ি নিয়ে যায়।

খবর পেয়ে চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শফিউদ্দিনের লাশ বাড়ি থেকে দামুড়হুদা মডেল থানায় পাঠান। আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের ভাই হাফিজুর রহমান বাদী হয়ে সকালে দামুড়হুদা মডেল  থানায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা থানার পরিদর্শক (তদন্ত) ফকির আজিজুর রহমান বলেন, ‘পরকীয়ার কারণে এই খুনের ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।’