
চুয়াডাঙ্গায় টানা বৃষ্টিতে পৌর এলাকার বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নাগরিক জীবনে দুর্ভোগ নেমে এসেছে। আবহাওয়া অধিদপ্তর গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
আবহাওয়া অধিদপ্তরের চুয়াডাঙ্গা পর্যবেক্ষণকেন্দ্রের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান দাবি করেন, তিন ঘণ্টায় এই বিপুল পরিমাণ বৃষ্টিপাত চলতি মৌসুমের সর্বোচ্চ রেকর্ড। তিনি জানান, মৌসুম অনুযায়ী এই বৃষ্টিপাত স্বাভাবিক।
বৃহস্পতিবার রাত থেকে কখনো মুষলধারে, আবার কখনো বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে থাকে। মুষলধারে বৃষ্টিপাতের সময় গতকাল শুক্রবার বেলা ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌরভবন ও আশপাশের এলাকা, মাঝেরপাড়া, জোয়ার্দ্দারপাড়া, ইসলামপাড়া ও থানা কাউন্সিলপাড়ায় জলাবদ্ধতা দেখা দেয়। দুপুরের পর পানি সরে যেতে থাকে।
মুষলধারে বৃষ্টিপাতের সময় শহরে যানবাহন চলাচল কমে যায়। বিশেষ করে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল কমে যাওয়ায় সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়। স্বল্প যানবাহনের কারণে যাত্রীদের বেশি ভাড়া গুনতে হয়েছে। শহরের জ্বীনতলা মল্লিকপাড়ার বাসিন্দা মাহমুদ আরাফাত বলেন, ‘অন্যদিন বাড়ি থেকে কোর্টপাড়ায় ২০ টাকা ভাড়া দিয়ে যাই। কিন্তু আজ (শুক্রবার) বৃষ্টির কারণে ৩০ টাকা দিতে হয়েছে।’
এদিকে গতকাল বাজার শেষে বাড়ি ফেরার জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে রিকশা-ইজিবাইকের দেখা না পেয়ে কাকভেজা হয়ে অনেককেই হেঁটে যেতে দেখা গেছে।