চুয়াডাঙ্গায় মৎস্যজীবী সমিতির সভাপতিকে গুলি করে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কায়েতপাড়া গ্রামে দুর্বৃত্তরা জিয়াউর রহমান (৩৬) নামে মৎস্যজীবী সমিতির এক নেতাকে গুলি করে হত্যা করেছে। গতকাল বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহত জিয়াউর রহমান খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে এবং নারায়ণকান্দি-কায়েতপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ছিলেন। পুলিশ বলছে, বিলের দখল নেওয়াসহ এলাকায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশ এ ঘটনায় সেলিম উদ্দিন (৩০) নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে।
গতকাল সকাল সাড়ে আটটায় সরেজমিনে গ্রামের রাস্তার ওপর জিয়াউরের লাশ ঘিরে মানুষের ভিড় দেখা যায়।

নিহত ব্যক্তির স্ত্রী ফিরোজা খাতুন বলেন, গত মঙ্গলবার রাতে জিয়াউর বিল পাহারা দিতে যান। বুধবার ভোররাতে বৃষ্টি শুরু হলে বাড়ির পথে রওনা দেন তিনি। বিলের পাশের ধানখেতে পৌঁছালে অজ্ঞাতনামা বন্দুকধারীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বন্দুকধারীরা মোট পাঁচটি গুলি ছোড়ে। জিয়াউরের মাথায় ও পাঁজরে দুটি গুলি লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।
জিয়াউরের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ছোট মেয়ে ফাতেমা খাতুনের বয়স ছয় মাস। ফিরোজা কাঁদতে কাঁদতে আরও বলেন, ‘বাবার আদর কী, তা বোঝার আগেই অবুঝ এই শিশুটি সারা জীবনের মতো বাবাকে হারিয়ে ফেলল। জমি নেই, জমা নেই, ছেলেমেয়েদের নিয়ে আমি কনে যাব, কী কইরবো?’
ফিরোজা বলেন, জিয়াউর তিন বছর ধরে নারায়ণকান্দি-কায়েতপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি। কমিটির মেয়াদ শেষ হবে এক বছর পর। প্রতিবছর এলাকার চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিল বাবদ চাঁদা দিতে হয়। এ বছরও চার লাখ টাকা দিয়েছে। এতেও সন্ত্রাসীরা খুশি নয়, আরও টাকা চায়, না হলে বিল ছেড়ে দিতে বলে। কয়েক দিন ধরে তিনি বলতেন, মেয়াদ শেষ হলে বিলের ঝামেলায় থাকবেন না।
অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম নিহত ব্যক্তির বাড়িতে গেলে জিয়াউরের মা রাবেয়া খাতুন বলেন, ‘খুনিরা আমার বাকি দুই ছেলেকেও খুন করবে বলে হুমকি দিয়েচে। আমি অ্যাকন কনে যাব, কার কাচে যাব।’ এ সময় বাড়ির আতঙ্কিত সদস্যরা রাবেয়া খাতুনকে ইশারা করলে তিনি কথা না বলে শুধুই কাঁদতে থাকেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, খুনের ঘটনায় নিহত ব্যক্তির ভাই আশাদুল হক বাদী হয়ে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের আসামি করে গতকাল দুপুরে হত্যা মামলা করেছেন। তিনি সন্দেহভাজন ব্যক্তিদের তালিকাও দিয়েছেন।
খবর পেয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তরিকুল ইসলাম ও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বুধবার সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন।