চুয়াডাঙ্গায় রক্ষা পেল তক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ গ্রাম থেকে পুলিশ গত রোববার একটি তক্ষক উদ্ধার করেছে। গতকাল সোমবার তারা এটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে।সদর থানা সূত্রে জানা গেছে, তিতুদহ গ্রামের ঠাকুরপাড়ার আইনাল হকের বাড়িতে বিক্রির জন্য গুড়ের ভাড়ে একটি তক্ষক আটক রাখা ছিল। খবর পেয়ে রোববার রাত নয়টার দিকে তিতুদহ পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মফিজুর রহমান কয়েকজন পুলিশকে নিয়ে সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক আইনাল হকসহ পরিবারের সদস্যরা আত্মগোপন করে। পরে পুলিশ তক্ষকটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।সদর থানা সূত্রে আরও জানা গেছে, গতকাল তক্ষকটি চুয়াডাঙ্গা সদর থানায় নিয়ে আসা হয়। এরপর বন বিভাগে খবর পাঠানো হয়। চুয়াডাঙ্গা বন বিভাগের বন রক্ষক আবু সাঈদ পুলিশের কাছ থেকে তক্ষকটি বুঝে নেয় । বন রক্ষক আবু সাঈদ জানান, তক্ষকটি কুষ্টিয়া বন বিভাগে পাঠানো হবে এবং সেখানে ছেড়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।