চুয়াডাঙ্গায় রেলগেটেই নষ্ট হয় ১০ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা শহরে দুটি রেলগেট আছে। ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতে গেট দুটি প্রতিদিন কমপক্ষে ১০ ঘণ্টা বন্ধ রাখতে হয়। এতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। জনসাধারণকে পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ।

চুয়াডাঙ্গা রেলস্টেশন-সংলগ্ন গেটের উভয় পাশ দখলমুক্ত করে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের দাবিতে ৭ জানুয়ারি মানববন্ধন করা হয়।

 শহরের ভেতরে প্রায় দুই কিলোমিটার রেলপথ রয়েছে। আছে দুটি রেলগেট। একটি স্টেশন-সংলগ্ন ও অন্যটি বেলগাছিতে। স্টেশন-সংলগ্ন রেলগেট হয়ে গেছে মুজিবনগর-ঢাকা মহাসড়ক। এটি চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা থেকে ঢাকাসহ সারা দেশে যাতায়াতের প্রধান সড়ক। বেলগাছি রেলগেট দিয়ে পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডসহ আশপাশের গ্রামগুলোর বাসিন্দারা যাতায়াত করে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রতিদিন ১১ জোড়া যাত্রীবাহী ও ৫ থেকে ৬ জোড়া মালবাহী ট্রেন চলাচল করে। ১০টি ট্রেন খুলনা থেকে ঢাকা, রাজশাহী, সৈয়দপুর, গোয়ালন্দ ও পার্বতীপুর-চাঁপাইনবাবগঞ্জ পথে এবং মৈত্রী এক্সপ্রেস ঢাকা-কলকাতা পথে চলাচল করে। এসব ট্রেন নির্বিঘ্ন চলাচলের জন্য দৈনিক ৩২ থেকে ৩৪ বার রেলগেট বন্ধ রাখতে হয়। প্রতিবার গড়ে ২০ মিনিট বন্ধ রাখা হয়।

রেলওয়ের কয়েকজন কর্মকর্তা বলেন, (ঊর্ধ্বমুখী) ট্রেন দর্শনা জংশন এবং (নিম্নমুখী) আলমডাঙ্গা স্টেশন ছাড়লেই রেলগেট বন্ধের প্রক্রিয়া শুরু হয়। স্টেশনমাস্টার তাৎক্ষণিক ক্যাবিনম্যানকে এবং ক্যাবিনম্যান এ তথ্য গেটম্যানকে জানান। এরপর দণ্ড ফেলে গেট বন্ধ (ক্যারিয়ার লক) করা হয়। পদ্ধতিগত কারণেই গেট বন্ধ না হলে সংকেত (সিগন্যাল) পড়বে না। আর সংকেত না পড়লে নির্দিষ্ট দূরত্বে ট্রেন দাঁড়িয়ে থাকবে। একটি নির্দিষ্ট দূরত্ব পার না হওয়া পর্যন্ত গেটম্যান চাইলেও গেট খুলতে পারবেন না। গেট বন্ধ ও খোলা প্রক্রিয়ায় ১০ মিনিট লেগে যায়। অন্যান্য প্রক্রিয়ায় লাগে আরও ১০ মিনিট। যাত্রীবাহী ট্রেনের পরপরই মালবাহী ট্রেন এলে ৩০ থেকে ৪০ মিনিট বন্ধ রাখতে হয়।

গত বুধবার সকাল ১০টায় সরেজমিনে দেখা গেছে, রেলগেটের উভয় পাশে বাস, ট্রাক, মোটরসাইকেল, ইজিবাইকসহ যানবাহনের দীর্ঘ জট। অনেকেই মোটরসাইকেল ও বাইসাইকেলসহ ঝুঁকি নিয়েই রেলগেটের দণ্ডের নিচ দিয়ে যাতায়াত করছেন। কামাল উদ্দিন নামের একজন মোটরসাইকেলচালক বলেন, ‘জরুরি প্রয়োজন। ২০-২৫ মিনিট দাঁড়িয়ে থাকার সময় নেই। বাধ্য হয়েই দণ্ডের নিচ দিয়ে যাচ্ছি।’

বাসচালক ইকরামুল হক বলেন, টার্মিনাল থেকে বাস ছেড়ে যশোর যাওয়ার সময় বেশির ভাগ দিনই রেলগেটে আটকে বিলম্ব হয়। ওই সময় পেছনের একাধিক ট্রিপের গাড়ি এসে দাঁড়িয়ে যায়। এ কারণে কোনো কোনো দিন ট্রিপ বাতিল হয়ে যায়।

শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার বাসিন্দা বেলু চৌধুরী বলেন, ‘রেলগেটে দীর্ঘক্ষণ আটকে থাকার কারণে আমাদের ছেলেমেয়েরা ঠিক সময়ে বিদ্যালয়ে পৌঁছাতে পারে না। এর একটা স্থায়ী সমাধান দরকার।’

বুধবার চুয়াডাঙ্গা রেলস্টেশনের মাস্টার মো. আবদুল খালেক বলেন, ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতে এবং জানমালের নিরাপত্তার স্বার্থেই দিনের প্রায় অর্ধেক সময় রেলগেট বন্ধ রাখতে হয়।

জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, চলতি মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করা হয়েছে। সভায় উপস্থিত রেলওয়ের কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।