চুয়াডাঙ্গায় শনাক্তের হার ৬৫ শতাংশের বেশি, জীবননগরে লকডাউন
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পয৴ন্ত এটিই জেলায় সবো৴চ্চ শনাক্তের রেকড৴। শনাক্তের হার ৬৫ দশমিক ৬০ শতাংশ। জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।
করোনার সংক্রমণ প্রতিরোধে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গত বুধবার সকাল ছয়টা থেকে সর্বাত্মক কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন অব্যাহত থাকবে। গতকাল সোমবার রাতে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধসংক্রান্ত জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১২৫ জনের নমুনা পরীক্ষা করে ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩৫, দামুড়হুদায় ২০, আলমডাঙ্গায় ৭ ও জীবননগরে ২০ জন রয়েছেন। এখন পয৴ন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা ২ হাজার ৭৩২।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১ জনসহ এ পর্যন্ত জেলায় ৮৪ জন মারা গেছেন। বর্তমানে জেলায় করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৬৩৮। এর মধ্যে চুয়াডাঙ্গায় ডেডিকেটেড করোনা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলিয়ে ৫০ জন আইসোলেশনে আছেন। হোম আইসোলেশনে আরও ৫৮৪ জন। এ ছাড়া অসুস্থ চারজনকে উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে রেফার্ড করা হয়েছে।
এদিকে গতকাল রাতে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধসংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও সিভিল সার্জন এ এস এম মারুফ হাসানসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে কমিটির সদস্যরা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত খুলনা বিভাগের কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত ভিডিও কনফারেন্সে অংশ নেন। এ সময় মন্ত্রিপরিষদ সচিবের কাছে জেলার করোনা পরিস্থিতি তুলে ধরেন চুয়াডাঙ্গা জেলা কমিটির সদস্যরা। জেলার ডেডিকেটেড করোনা হাসপাতালে অবিলম্বে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালুর জন্য অনুরোধ করেন তাঁরা।
মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে ভিডিও কনফারেন্স শেষে জেলা কমিটির সভায় জীবননগর উপজেলাকে লকডাউনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। লকডাউন চলাকালে যাত্রীবাহী বাস, অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেল, বাইসাইকেল, রিক্সা-ভ্যানসহ সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি সেবা, কৃষিপণ্য, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য পরিবহন এবং সীমিত পরিসরে ব্যাংকিং সেবা লকডাউনের আওতামুক্ত থাকবে।কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করা যাবে। তবে গরুর হাট ও পানের হাট বন্ধ থাকবে।
খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কেবল খাবার বিক্রয় বা সরবরাহ করা যাবে। তবে কোনো অবস্থায় হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ করা যাবে না। শপিং মলসহ অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে। পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। জনসমাবেশ হয়, এমন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে।
চুয়াডাঙ্গা পৌর এলাকা ও আলোকদিয়া ইউনিয়নে ২০ জুন থেকে ও দামুড়হুদা উপজেলায় ১৫ জুন থেকে লকডাউন চলছে। এর মধ্যে দামুড়হুদায় ১৪ দিন এবং চুয়াডাঙ্গা পৌর এলাকা ও আলোকদিয়ায় ৭ দিনের লকডাউন দেওয়া হয়েছে।
করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধসংক্রান্ত জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার জানান, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে একের পর এক এলাকা লকডাউনের আওতায় আনা হচ্ছে। তিনি বলেন, ‘মানুষ সচেতন না হলে এবং স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ বৃদ্ধির হার ঠেকানো যাবে না। সংক্রমণের হার নিয়ন্ত্রণে আনার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’