চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিপুর গ্রামে গত শনিবার সন্ধ্যায় আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। একই গ্রামের সুফিয়ান (১৮) নামের বখাটে এক তরুণ তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটি স্থানীয় ব্র্যাক উপানুষ্ঠানিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।ধর্ষণের শিকার শিশুসহ স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় শিশুটি কাশিপুর গ্রামের কুঠিপাড়া থেকে দাদার বাড়ি মাঝেরপাড়ায় যাওয়ার সময় সুফিয়ান তাকে জোর করে একটি বাঁশবাগানে নিয়ে যায়। এরপর ওড়না দিয়ে শিশুটির মুখ বেঁধে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি অজ্ঞান হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে সুফিয়ান পাশের অজিতের বাড়িতে শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ওই বাড়ির লোকজন শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে। শিশুটির পরিবারের লোকজন রাত ১০টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় গতকাল রোববার দুপুরে শিশুটির অস্ত্রোপচার করা হয়। সদর হাসপাতালের গাইনি বিভাগের কনসালট্যান্ট তরুণ কান্তি ঘোষ বলেন, ধর্ষণের শিকার শিশুটির ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়েছে।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, রোববার বিকেলে শিশুটির বাবা বাদী হয়ে কাশিপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে সুফিয়ানকে আসামি করে মামলা করেছেন।