চুয়াডাঙ্গায় শীতজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে
চুয়াডাঙ্গায় শীতজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। প্রায় এক মাস ধরে সদর হাসপাতালের ১৩ শয্যার শিশু ওয়ার্ডে ধারণক্ষমতার চার থেকে পাঁচ গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছে। বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে আরও দুই শতাধিক রোগী। বিপুলসংখ্যক রোগীর সেবা দিতে গিয়ে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।
চিকিৎসকেরা জানান, হাসপাতালে সেবা নিতে আসা এসব শিশুর অধিকাংশই শীতজনিত নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত। সরকারি এই হাসপাতালে শিশুদের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ তিন মাস ধরে সরবরাহ বন্ধ। এ কারণে বেশির ভাগ শিশুর দরিদ্র অভিভাবকেরা বিপাকে পড়েছেন।
গতকাল সোমবার সকাল সাড়ে আটটায় শিশু ওয়ার্ডে গিয়ে ৪৯টি শিশুকে চিকিৎসাধীন দেখা গেছে। যার মধ্যে মাত্র এক নবজাতক প্রস্রাবের জটিলতায়, সাত শিশু নিউমোনিয়ায় এবং ৪১টি শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।
সদর হাসপাতালের শিশুবিশেষজ্ঞ আসাদুর রহমান মালিক জানান, গত এক মাসে চিকিৎসা নিতে আসা অধিকাংশ শিশুই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা এসব রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শূন্য থেকে ছয় মাস বয়সী বেশি শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়।
চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন, এসব রোগ থেকে রক্ষা পেতে শিশুদের ছয় মাস বয়স পর্যন্ত নিয়মিত বুকের দুধ পান করাতে হবে। সব শিশুর প্রতি যত্নশীল হতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। শিশুদের জ্বর, অস্বাভাবিক কাশি ও পাতলা পায়খানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে।
রোগীর স্বজনদের অভিযোগ, শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে না। প্রয়োজনীয় ওষুধের পুরোটাই তাঁদের বাইরে থেকে কিনতে হচ্ছে।
আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের বিপুল হোসেন ও হুসনে আরা দম্পতি তাঁদের ছয় মাস বয়সী একমাত্র সন্তান হুসাইনকে রোববার সকালে শিশু ওয়ার্ডে ভর্তি করেছেন। ডায়রিয়ায় আক্রান্ত ওই শিশুর চিকিৎসায় গত দুদিনে হাসপাতাল থেকে কোনো ওষুধই দেওয়া হয়নি, পুরোটাই বাইরে থেকে কিনেছেন তাঁরা।
শিশু ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ নার্স মালেকা বেগম প্রথম আলোকে বলেন, ‘ভর্তি হওয়া শিশুদের ৬০ শতাংশই ডায়রিয়ায় আক্রান্ত, বাকিরা নিউমোনিয়া বা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত। ডায়রিয়া নিয়ন্ত্রণে সবচেয়ে জরুরি কলেরা স্যালাইন এবং নিউমোনিয়া বা শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসায় সেফট্রাইকজন ইনজেকশনের সরবরাহ তিন মাস ধরে বন্ধ রয়েছে। এমনকি খাওয়ার স্যালাইনও সরবরাহ না পাওয়ায় রোগীদের দিতে পারছি না। এতে প্রতিনিয়ত রোগীর স্বজনদের সঙ্গে ঝগড়া লেগেই আছে। অনেকে কটুকথা বললেও মুখ বুজে তা শুনতে হচ্ছে।’
এসব বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাসুদ রানা জানান, ডায়রিয়ার জন্য কলেরা স্যালাইন ও নিউমোনিয়া রোগীদের প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক সেফট্রাইকজন ইনজেকশন কেন্দ্রীয় ঔষধাগার থেকে দীর্ঘদিন সরবরাহ বন্ধ রয়েছে। স্থানীয়ভাবে প্রয়োজনীয় ওষুধ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কত দিনে এসব ওষুধ পাওয়া যাবে, তা তিনি বলতে পারেননি।