চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়িয়েছে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় গত মঙ্গলবার রাত থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দিনভর সূর্যের লুকোচুরি আর উত্তরের কনকনে হিমেল হাওয়ায় চুয়াডাঙ্গায় স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। শীতের তীব্রতা শীতার্ত মানুষের দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে বেড়েছে শীতজনিত রোগবালাই।
আবহাওয়া অধিদপ্তর গতকাল বুধবার চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস; যা চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া দপ্তর চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বাতাসের গতি তীব্র হওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে।
তীব্র শীতের কারণে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। কিন্তু হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের জীবিকার সন্ধানে বের হতে হচ্ছে। তাঁরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দিনেও জেলা শহরে ছিন্নমূল মানুষকে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।
দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের মৎস্যজীবী সৃষ্টি হালদার বলেন, ‘কদিন ধইরে খুব জার নাগজে। জারের মদ্দি জলে নাবা খুবই কষ্ট। সুংসারের খরজ জুগাড় করতি বাদ্য হইয়ে জলে নামচি। তা না হলিতো সুংসার চলবেনানে।’
সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের ভিক্ষুক সোনাভানু বলেন, ‘শীতির ঠান্ডায় হাঁড় কামড়ি ধরচে। সারা রাত ঘুমই আসচে না। অ্যাটটা গরমের কাপুড়ও কেউ দেচ্চে না।’
চুয়াডাঙ্গা পুরাতন বাজারের নৈশপ্রহরী মো. বড়বুড়ো বলেন, ‘কুড়াইনো কাগোচ আর ছিঁড়া ত্যানায় (পুরাতন কাপড়ের টুকরা) আগুন ধরিয়ে সারা রাত পার করচি। অ্যারাম শীত পড়লি ডিউটি করায় মুশকিল হয়ে পড়বেনে।’
গতকাল বুধবার দুপুরে সদর হাসপাতালে গিয়ে রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। হাসপাতালের শিশু বিভাগের পরামর্শক মাহবুবুর রহমান জানান, হাসপাতালে ৫০টি শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে বেশির ভাগই নিউমোনিয়ায় আক্রান্ত। এ ছাড়া গতকাল বহির্বিভাগে ১২৭টি শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর হাসপাতালের প্রধান সহকারী আবিদ উদ্দিন জানান, গত মাসে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নারী ও শিশুসহ মোট ৫০ জন রোগী মারা গেছে। সংরক্ষিত তথ্য অনুযায়ী, তাদের বেশির ভাগেরই শীতজনিত রোগে মৃত্যু হয়েছে।
কনকনে ঠান্ডা হাওয়ায় হাড় কাঁপানো শীতের কারণে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেনা। এতে স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ দুর্ভোগে পড়েছে বেশি। শীত উপেক্ষা করেই জীবিকার সন্ধানে বের হতে হচ্ছে তাদের।