চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহে জীবনযাত্রা বিপর্যস্ত

চুয়াডাঙ্গায় আজ সোমবার তাপমাত্রা কিছুটা বাড়লেও ঘন কুয়াশা আর অব্যাহত শৈত্যপ্রবাহে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না। বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। অসুস্থ হয়ে পড়ছে শিশুরা।
স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক তাহমিনা নাসরিন জানান, আজ সকাল নয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস; যা আগের দিনের তুলনায় দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।
কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় আন্তজেলা ও দূরপাল্লার যানবাহনগুলোকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত আলো জ্বেলে চলাচল করতে দেখা গেছে। সাধারণত সকাল নয়টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা হলেও আজ ১০টা পর্যন্ত বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল। তবে সূর্য উঁকি দেওয়ার পর রাস্তাঘাটে লোকজনের সংখ্যা কিছুটা বাড়তে দেখা গেছে।
চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মহল্লার বাসিন্দা মহসীন আলী পেশায় ফেরিওয়ালা। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার মধ্যেই তিনি রিকশাভ্যান চালিয়ে শীতের লেপ-তোশক বিক্রির জন্য শহর থেকে গ্রামে যাচ্ছিলেন। স্থানীয় আবহাওয়া অফিসের সামনের রাস্তায় কথা হয় তাঁর সঙ্গে। ষাটোর্ধ্ব মহসীন বলেন, ‘জার পড়লি শরীলজুড়ে বেতা বাড়ে। কিন্তু সুংসারের খরজ জুগাতি ছুটতি হচ্চে।’
সরদারপাড়ার বাসিন্দা আলমসাধুচালক টুটুল হোসেন বলেন, ‘কুয়ো আর শীতির ভয়ে ঘরে বসে থাকলি তো আর প্যাট শোনবেনানে। তাই ঝুঁকি নিয়েই গাড়ি চালাচ্চি।’
উত্তর থেকে ধেয়ে আসা কনকনে ঠান্ডা বাতাসে শীতজনিত রোগবালাই বেড়েই চলেছে। জেলার সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নিউমোনিয়া, রোটাভাইরাস, ডায়রিয়াসহ রোগীর চাপ বেড়েই চলেছে। সদর হাসপাতালের ১৩ শয্যার শিশু ওয়ার্ডে ৫০ রোগী চিকিৎসাধীন রয়েছে। অতিরিক্ত রোগী সামলাতে চিকিৎসক ও নার্সদের হিমশিম অবস্থা।
সদর হাসপাতালের শিশু বিভাগের পরামর্শক মাহবুবুর রহমান জানান, শীত মৌসুমে মায়েদের সতর্কভাবে চলাফেরা করতে হবে। গরম পানি ও খাবার খেতে হবে। শিশুদের ঘরে গরম কাপড় জড়িয়ে রাখতে হবে। এতে শীতজনিত রোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।

আবহাওয়া পর্যবেক্ষণাগার চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, ‘আগামীকাল মঙ্গলবারও শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।’ তিনি জানান, মূলত ভৌগোলিক কারণে এ জেলায় শীতের সময় শীত ও গরমের সময় গরম বেশি।
আফগানিস্তান থেকে আসা পশ্চিমা হিমেল হাওয়া ও উত্তর প্রদেশের শীতল বায়ু ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। তারা বলছে, এই বাতাসের প্রবাহ আরও এক সপ্তাহ থাকতে পারে। এতে পূর্ব ভারত ও বাংলাদেশে তীব্র শীতের অনুভূতি থাকবে।