চুয়াডাঙ্গায় শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষক ও ছাত্রকে পেটানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার সদর উপজেলার ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী সরণি বিদ্যাপীঠের (উচ্চবিদ্যালয়) শিক্ষার্থীরা গতকাল বুধবার ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে। ওই বিদ্যালয়ের এক ছাত্র ও এক শিক্ষককে মারধরের ঘটনায় জড়িত বহিরাগত যুবকদের বিচারের দাবিতে তারা এ কর্মসূচি পালন করে। হামলার ঘটনায় জড়িত বহিরাগত যুবকেরা হলেন সদর উপজেলার হায়দারপুর গ্রামের মাহবুব, ইয়াকুব হাসান, রুবেল ও আরিফুল ইসলাম। এ ঘটনায় ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মহসীন জড়িত। তাঁদের সবাইকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল পুলিশে সোপর্দ করে। প্রধান শিক্ষক হাফিজুর রহমান জানান, মঙ্গলবার বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র হাসান ও মহসীনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে বুধবার বেলা ১০টায় কয়েকজন বহিরাগত যুবক নবম শ্রেণীর কক্ষে ঢুকে হাসানকে খুঁজতে থাকেন। হাসানকে পেয়ে মারধর শুরু করলে শ্রেণীশিক্ষক মোশারফ হোসেন বহিরাগতদের বাধা দেন। এতে ওই শিক্ষককেও তাঁরা মারধর করেন।