চুয়াডাঙ্গায় সবজির বাজারে আগুন
চুয়াডাঙ্গার বেশ কয়েকটি উপজেলার হাটবাজারে এক সপ্তাহের ব্যবধানে সবজির দুই থেকে তিন গুণ দাম বেড়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সবজির খেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। শনিবার চুয়াডাঙ্গা জেলা সদরের সবজিবাজারসহ একাধিক হাটবাজারে গিয়ে ব্যবসায়ীদের বেশি দামে সবজি বিক্রি করতে দেখা গেছে। একই দিন পাইকারি ও খুচরা বাজারে যথাক্রমে প্রতিকেজি মরিচ ১২০ থেকে ১৪০, বেগুন ৪০ থেকে ৪৪, করলা ৪৪ থেকে ৪৮, ঢ্যাঁড়স ৪৪ থেকে ৪৮, ঝিঙা ২২ থেকে ২৪, পটোল ৩২ থেকে ৩৪, কচু ২২ থেকে ২৪, আলু ১৬ থেকে ১৮, কাঁচা কলা (প্রতি হালি) ২০ থেকে ২২, পেঁপে ১৪ থেকে ১৬ ও মিষ্টি কুমড়া ১৬ থেকে ১৮ টাকায় বিক্রি করা হয়েছে। এক সপ্তাহ আগে এসব হাটবাজারে প্রতিকেজি মরিচ ৬০ থেকে ৭০, বেগুন ২০ থেকে ২২, করলা ২২ থেকে ২৪, ঢ্যাঁড়স ২২ থেকে ২৪ , ঝিঙা ১৪ থেকে ১৫, পটোল ১৬ থেকে ১৮, কচু ১৮ থেকে ২০, আলু ১৪ থেকে ১৫, কাঁচা কলা (প্রতি হালি) ১২ থেকে ১৪, পেঁপে আট থেকে ১০ ও মিষ্টি কুমড়া আট থেকে ১০ টাকায় বিক্রি হয়েছে। দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের সবজি চাষি শাহজাহান আলী জানান, তিনি এ মৌসুমে তিন বিঘা জমিতে বেগুন ও দেড় বিঘা জমিতে ধনেপাতার আবাদ করেছেন। টানা বর্ষণে দেড় বিঘা জমির বেগুন ও ধনেপাতার খেত নষ্ট হয়ে গেছে। জীবননগর উপজেলার কন্দর্পপুর গ্রামের কৃষক সোহেল রানা বলেন, ‘তিনি এ বছর এক বিঘা জমিতে বেগুন, ১৫ কাঠা জমিতে পটোল, ১০ কাঠায় মরিচ এবং এক বিঘা জমিতে বাঁধাকপি আবাদ করেন। টানা বৃষ্টিতে তাঁর মরিচের খেত পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বৃষ্টিতে পটোল ও বেগুন খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রেজাউল করিম বলেন, ‘চলতি মৌসুমে জেলায় সাত হাজার ৪৫০ হেক্টর জমিতে সবজি আবাদ করা হয়েছে। টানা বৃষ্টিতে অধিকাংশ সবজির খেত কমবেশি ক্ষতি হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ জানতে মাঠ পর্যায়ে কাজ চলছে।’