চুয়াডাঙ্গায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি
চুয়াডাঙ্গায় দুই সাংবাদিককে মারধরের ঘটনায় পুলিশ গতকাল বুধবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় উদ্বিগ্ন সাংবাদিকেরা দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এদিকে, দুর্বৃত্তরা গতকালও একই স্থানে গাছ কেটেছে বলে জানা গেছে।সোর্স নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) লাগানো গাছ দুর্বৃত্তরা কেটে নিচ্ছে—এমন অভিযোগ পেয়ে তথ্য সংগ্রহ করতে গত মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলার আটকপাট নামক স্থানে যান প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম এবং এনটিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম। এ সময় দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালায়। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে। হামলার ঘটনায় দুই সাংবাদিক মঙ্গলবার আলমডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেন।আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব গতকাল প্রথম আলোকে জানান, পুলিশ দোষীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।পুলিশ খুঁজে না পেলেও দুর্বৃত্তরা গতকালও একই স্থানে দিনভর গাছ কেটেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, গতকাল আগের দিনের চেয়ে অনেক বেশি শ্রমিক দিয়ে গাছ কাটা হয়েছে। এরপর প্রায় তিন ট্রাক কাঠ কুষ্টিয়ায় পাঠানো হয়েছে।এদিকে, সোর্সের সভাপতি শেফালী আক্তারী গতকাল পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত ওই অভিযোগে বলা হয়, ‘কয়েক বছর আগে তাঁদের লাগানো গাছগুলোর মূল্য এখন প্রায় দুই কোটি। কিন্তু এক মাস ধরে আবদুল মান্নান রতন তাঁর লোকজন দিয়ে গাছ কেটে নিয়ে যাচ্ছেন। চুক্তি অনুযায়ী এ গাছে ৪০ ভাগ পাবে পানি উন্নয়ন বোর্ড এবং বাকি ৬০ ভাগ পাবে সোর্স। কিন্তু দুর্বৃত্তরা গাছগুলো কেটে নেওয়ায় পানি উন্নয়ন বোর্ড লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।’এদিকে গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে যৌথসভা হয়। প্রেসক্লাবের সভাপতি এসএম শরীফউদ্দিনে সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাংবাদিক সমিতির সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।