চুয়াডাঙ্গায় সাংবাদিককে কুপিয়ে গুরুতর জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক আকাশ খবর পত্রিকার প্রতিবেদক রাসেল হোসেন ওরফে মুন্নাকে (২৪) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সংকটাপন্ন অবস্থায় তাঁকে গতকাল শনিবার ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শুক্রবার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে হামলার ঘটনাটি ঘটে। রাসেল উথলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর আলীর ছেলে।
রাসেলের বড় ভাই ও ঘটনার প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর হোসেন বলেন, শুক্রবার রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে রাসেল ও তিনি উথলী বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। গ্রামে প্রবেশের মুখে একটি বাঁশের প্রতিবন্ধকতা (ব্যারিকেড) দেখে তাঁরা মোটরসাইকেল থামান। তখন সাত-আটজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে রাসেলকে এলোপাতাড়ি কোপায়। হামলাকারীরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজও করে। জাহাঙ্গীর পালিয়ে নিজেকে রক্ষা করেন ও আশপাশের লোকজনকে খবর দেন। লোকজন আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। রাসেলকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁর মাথা, ঘাড় ও দুই হাতে আটটি করে জখম হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, এলাকার মৃগমারী বিল দখল নিয়ে আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জাফর আলী একটি পক্ষের নেতৃত্ব দেন। এ কারণে রাসেলের ওপর হামলা হতে পারে। তা ছাড়া, ছয়-সাত মাস আগেও দুর্বৃত্তরা তাঁর বাড়িতে রাখা দুটি মাইক্রোবাস পুড়িয়ে দেয়।
তবে জাফর আলী হামলার জন্য জামায়াত-শিবিরের ক্যাডারদের দায়ী করেছেন। আর দৈনিক আকাশ খবর পত্রিকার সম্পাদক তছিরুল আলম অভিযোগ করেন, সংবাদপত্রে অপরাধবিষয়ক প্রতিবেদন করায় রাসেলের ওপর হামলা চালানো হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহম্মেদ বলেন, হামলার ঘটনায় কোনো মামলা হয়নি। তবে, পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।