চুয়াডাঙ্গায় সাংবাদিকের ১০ টুকরা লাশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদরুল নিপুল
সদরুল নিপুল

চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সাংবাদিক সদরুল নিপুলের (৪২) ১০ টুকরা লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল বুধবার সদর উপজেলার মোমিনপুর রেলস্টেশন থেকে লাশের টুকরা ছাড়াও তাঁর মুঠোফোন উদ্ধার করা হয়। তিনি মোমিনপুর ইউনিয়ন প্রতিনিধি ছিলেন৷
মোমিনপুর রেলওয়ে স্টেশনমাস্টার নজরুল ইসলাম জানান, তিনি ভোর সাড়ে পাঁচটার দিকে অফিসকক্ষ খুলতে গিয়ে প্ল্যাটফর্মের কাছে লাশের টুকরা দেখতে পান৷ পরে চুয়াডাঙ্গা স্টেশনমাস্টার ও রেলওয়ে পুলিশকে খবর দেন৷ পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়৷
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চার সদস্যের মেডিকেল বোর্ড লাশের ময়নাতদন্ত করে৷ বোর্ড সদস্য ও হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাসুদ রানা জানান, তাঁরা সব মিলে লাশের ১০টি টুকরার ময়নাতদন্ত করেছেন৷
লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) খোরশেদ আলম জানান, সদরুল নিপুলের মাথা ও ঘাড়ে চারটি কোপের ক্ষতচিহ্ন রয়েছে৷ বিষয়টি রহস্যজনক৷ হত্যা করার পর লাশ রেললাইনের ওপরে ফেলে রাখা হয়ে থাকতে পারে৷
সদরুল নিপুলের স্ত্রী নীলিমা পারভীন জানান, মঙ্গলবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে শেষবার মুঠোফোনে কথা হয়। ওই সময় তাঁকে খুবই উদ্বিগ্ন মনে হয়েছে।
নীলিমা অভিযোগ করেন, সংবাদসংক্রান্ত কারণেই তাঁর স্বামীকে খুন করা হয়েছে৷ এ জন্য তিনি স্থানীয় একটি চক্রসহ ওই পত্রিকার এক সাংবাদিকের সঙ্গে তাঁর স্বামীর বিরোধের বিষয়টিও উল্লেখ করেন। সদরুল নিপুলের মা এমামন খাতুন (৮০) এ হত্যাকাণ্ডকে পরিকল্পিত ও ঠান্ডা মাথার খুন উল্লেখ করে এর বিচার দাবি করেন৷
দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক সরদার আল-আমিন প্রথম আলোকে বলেন, স্থানীয় মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবেদন করায় সদরুল নিপুলকে হত্যা করা হয়ে থাকতে পারে৷
মোমিনপুর রেলস্টেশনের গেটম্যান রাসেল আহমেদ জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি সদরুল নিপুলকে খালি গায়ে রেলস্টেশনে ঘুরতে দেখেছেন৷ তবে ওই সময় তাঁর সঙ্গে কোনো কথা হয়নি। গতকাল সকালে রেলস্টেশনে গিয়ে দেখা যায়, প্ল্যাটফর্মের কাছে ও আশপাশে লাশের ১০টি টুকরা পড়ে আছে৷ প্ল্যাটফর্ম ও রেললাইনে বিভিন্ন জায়গায় রক্তের ছোপ রয়েছে৷ পরে রেলওয়ে পুলিশের সদস্যরা টুকরাগুলো উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়৷ ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে পারিবারিক কবরস্থানে সদরুলের মরদেহ দাফন করা হয়৷ এ ঘটনায় স্টেশনমাস্টার নজরুল ইসলাম রেলওয়ে পোড়াদহ থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, নিয়ম অনুযায়ী রেলওয়ে পুলিশ বিষয়টি তদন্ত করলেও সদর থানা-পুলিশ আলাদাভাবে তদন্ত করবে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে সহযোিগতা করবে৷