চুয়াডাঙ্গায় সাংস্কৃতিক উৎসব কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল চুয়াডাঙ্গায় সাত দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে নাটক অহম তমসায়। নাটকটির মহড়ার একটি দৃশ্য। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো
আগামীকাল চুয়াডাঙ্গায় সাত দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে নাটক অহম তমসায়। নাটকটির মহড়ার একটি দৃশ্য। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো

‘ছন্দ তুলুক সংস্কৃতিচর্চা, বিনাশ হবেই সাম্প্রদায়িকতা’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে চুয়াডাঙ্গার অরিন্দম সাংস্কৃতিক সংগঠন এই আয়োজন করেছে। আয়োজনে সহায়তা করছে প্রথম আলো। অরিন্দমের এই আয়োজনকে ঘিরে উদ্বোধনী মঞ্চ, নাট্যমঞ্চসহ জেলা শিল্পকলা একাডেমি চত্বর বর্ণিল সাজে সাজানো হয়েছে। মোড়ে মোড়ে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেয়ে গেছে গোটা শহর। অরিন্দমের প্রতিষ্ঠাকালীন কর্মী রাজীব হাসান মফস্বল শহরে এই আয়োজনে প্রথম আলো পাশে থাকায় পত্রিকাটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উৎসবের আহ্বায়ক মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক জানান, উৎসবের দিনগুলোতে বাংলাদেশ ও ভারতের সাতটি সংগঠন সাত দিনে সাতটি নাটক পরিবেশন করবে। এ ছাড়া প্রতিদিনই বিষয়ভিত্তিক আলোচনা এবং বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশিত হবে।

অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আবদুস সালাম জানান, উৎসবের প্রথম দিন মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের নিজস্ব পরিবেশনা নাটক অহম তমসায় মঞ্চস্থ হবে। একই মঞ্চে ২৬ অক্টোবর ভারতের উজান থিয়েটারের ইতিহাসের কাঠগড়ায় জ্যাম্বো ও একটি চিত্রনাট্য, ২৭ অক্টোবর মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির জাস্ট ডু ইট, ২৮ অক্টোবর কুষ্টিয়ার বোধন থিয়েটারের চন্দ্রাবতী কথা, ২৯ অক্টোবর যশোর বিবর্তনের মাদ্রিং,৩০ অক্টোবর ভারতের সায়ুষ থিয়েটারের অপরাজিতা ও উৎসবের শেষ দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকার পরিবেশনা নাটক মুল্লুক মঞ্চস্থ হবে।

অনুষ্ঠান-সংশ্লিষ্টরা জানান, উদ্বোধনী দিনে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠনকে এ বছর সম্মাননা জানানো হবে। নাটকের পাশাপাশি দ্বিতীয় দিনে নজরুলগীতির অনুষ্ঠান, তৃতীয় দিনে হারানো দিনের গানের অনুষ্ঠান, চতুর্থ দিনে লালনগীতির অনুষ্ঠান, পঞ্চম দিনে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান, ষষ্ঠ দিনে লোকসংগীতের অনুষ্ঠান এবং সপ্তম ও শেষ দিনে নৃত্যানুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের শিল্পীরা অংশগ্রহণ করবেন।