চুয়াডাঙ্গায় সাঙ্গ হলো সাধু বাউলদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে পদকপ্রাপ্ত বাউল সাধক ও মরমি কবি খোদাবকশ শাহ স্মরণে চুয়াডাঙ্গায় গতকাল রোববার দুই দিনব্যাপী স্মরণ উৎসব শেষ হয়েছে। বিকেলে আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাপুর গ্রামের আখড়াবাড়িতে পূর্ণসেবার মধ্য দিয়ে সাধু-বাউলদের মিলনমেলা সাঙ্গ হয়। মরমি কবির ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।

গতকাল সকাল সাতটায় গোষ্ঠগান বা প্রার্থনা সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ দিনের কর্মসূচি শুরু হয়। গোষ্ঠগান পরিবেশন করেন খোদাবকশ শাহর একমাত্র ছেলে প্রখ্যাত বাউল আবদুল লতিফ শাহ। এরপর কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচক ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাসুদুর রহমান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার হামিদুল ইসলাম, শিল্পকলা একাডেমির মনিটরিং কর্মকর্তা আবদুল্লাহ বিপ্লব ও খোদাবকশ শাহ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান। আলোচনা শেষে দেশের বিভিন্ন জেলা থেকে আসা বাউলরা সংগীত পরিবেশন করেন। তাঁরা হলেন কুষ্টিয়ার বাউল বজলু শাহ, ফরিদপুরের মিলন শাহ, ঝিনাইদহের লিটন শাহ, খোদাবকশ শাহর নাতনি তানিয়া বিশ্বাস প্রমুখ।

বাউল বজলু শাহ বলেন, সাঁঈজির আখড়ায় এই মহান অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশের সাধু, বাউল-ফকিররা সারা বছর অপেক্ষা করেন। সাধুর সমাধি চত্বরে পৌঁছে এবং গান পরিবেশন করে তৃপ্ত হন সবাই।

আবদুল লতিফ শাহ বলেন, তাঁর বাবা জীবদ্দশায় মোট ৯৫০টি গান লিখেছেন, যা সারা দেশের বাউলদের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। বাংলা একাডেমি দুই শতাধিক গান নিয়ে একটি বই প্রকাশ করেছে।