চুয়াডাঙ্গায় সাত চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গরহাজির এবং দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলার অভিযোগে তিন কর্মকর্তাসহ সাত চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন খোন্দকার মিজানুর রহমান।সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ওই সাত চিকিৎসক দীর্ঘদিন ধরে অবহেলা করে চলেছেন। বিশেষ করে কর্মস্থলে দেরিতে উপস্থিতি ও আগেভাগে প্রস্থান করেন। ছুটি ছাড়াই অনুপস্থিত থাকেন ও প্রাইভেট প্র্যাকটিস করে আসছেন। এসব অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে সিভিল সার্জন গত ২৪ অক্টোবর তাঁদের নোটিশ দেন। ইতিমধ্যে পাঁচজন নোটিশের জবাবও দিয়েছেন।যাঁদের নোটিশ দেওয়া হয়েছে, তাঁরা হলেন: আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু মোহাম্মদ জহুরুল ইসলাম, দামুড়হুদার স্বাস্থ্য কর্মকর্তা সাঈদ উর রহমান, জীবননগরের স্বাস্থ্য কর্মকর্তা আবু হাসানুজ্জামান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কনিষ্ঠ পরামর্শক আবু বকর সিদ্দিক, সদর হাসপাতালে প্রেষণে থাকা দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনিষ্ঠ পরামর্শক হোসনে জারী তাহমিনা, আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রওশন আরা ও জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের কনিষ্ঠ পরামর্শক জুলিয়েট পারউইন।আবু মোহাম্মদ জহুরুল ইসলাম জানান, তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা মনগড়া। তিনি দাবি করেন, এই নোটিশের মাধ্যমে চিকিৎসকদের সতর্ক করা হয়েছে। সিভিল সার্জন খোন্দকার মিজানুর রহমান জানান, বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় সরাসরি পর্যবেক্ষণ করেছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁদের কেউ অনিয়ম করলে অবশ্যই ফল ভোগ করতে হবে।