চুয়াডাঙ্গায় সাপের কামড়ে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় গতকাল সোমবার বাবা-মেয়েসহ তিনজন সাপের কামড়ে মারা গেছে। নিহত ব্যক্তিরা হলো, আলমডাঙ্গা উপজেলার হোসেনপুর গ্রামের জহুরুল ইসলাম (৪০) ও তাঁর ১০ মাস বয়সী মেয়ে স্মৃতি এবং চুয়াডাঙ্গা পৌর এলাকার দিগড়ি গ্রামের রহিমা খাতুন (৩২)।এদিকে চুয়াডাঙ্গায় সাপে কাটার ঘটনা বাড়লেও এখানে জেলার কোনো সরকারি হাসপাতালে এখন জরুরি ওষুধ অ্যান্টি স্নেক ভেনম নেই।জহুরুল ইসলামের স্ত্রী সম্পত্তি বেগম জানান, রোববার দিবাগত রাত একটার দিকে ঘুমন্ত অবস্থায় তাঁর স্বামী ও মেয়েকে সাপে কামড়ায়। ভোর পাঁচটার দিকে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে সোমবার ভোর ছয়টার দিকে দুজনই মারা যায়।গৃহবধূ রহিমা খাতুনের স্বামী হযরত আলী জানান, গতকাল সোমবার সকাল ছয়টার দিকে ঘরে ঘুমন্ত অবস্থায় তাঁর স্ত্রীকে বিষধর সাপে কামড় দেয়। দ্রুত তাঁকে পাশের কুলচারা গ্রামের রেজাউল কবিরাজের কাছে নেওয়া হয়। এক ঘণ্টা ধরে ঝাড়ফুঁক করার পর কবিরাজ জানান, রোগী শঙ্কামুক্ত। এরপর বাড়িতে নিয়ে গেলে কয়েক মিনিটের মধ্যে রহিমা মারা যান।চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও পত্রপত্রিকার খবর অনুযায়ী চলতি বছর জেলায় সাপের কামড়ে অন্তত ১২ জন মারা গেছে। অ্যান্টি স্নেক ভেনম ওষুধের সংকটের বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন খন্দকার মো. মিজানুর রহমান। তিনি জানান, চুয়াডাঙ্গায় চলতি বছর যে হারে সাপে কাটার ঘটনা ঘটছে, তাতে কেন্দ্রীয় ঔষধাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হতবাক হয়েছেন। তিনি বলেন, ‘সর্বশেষ মজুদ থাকা ২০ অ্যাম্পুল অ্যান্টি স্নেক ভেনম সাপে কাটা জহুরুল ইসলাম ও তাঁর মেয়েকে প্রয়োগ করা হলেও তাদের বাঁচানো যায়নি। হয়তো আরও কয়েকটি অ্যাম্পুল লাগত। কারণ, রোগীর শরীরের বিষক্রিয়া অনুযায়ী ১০ থেকে ১৫ অ্যাম্পুল অ্যান্টি স্নেক ভেনম লাগে। বর্তমানে চুয়াডাঙ্গার কোনো সরকারি হাসপাতালে অ্যান্টি স্নেক ভেনম নেই। জরুরি প্রয়োজনে চাহিদাপত্রসহ আজ (গতকাল সোমবার) একজন কর্মচারীকে ঢাকায় পাঠানো হয়েছে।’