একতরফা নির্বাচনের ব্যবস্থা করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদকে চুয়াডাঙ্গায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপির নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের বড়বাজার শহীদ হাসান চত্বরে সিইসির কুশপুত্তলিকা দাহ করে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সিইসির গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামে। এর আগে ২৮ নভেম্বর তাঁর কুশপুত্তলিকা দাহ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
১৮-দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধের সমর্থনে চুয়াডাঙ্গা জেলা বিএনপি গতকাল দুপুর ১২টায় শহীদ আবুল কাশেম সড়কের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বড়বাজার শহীদ হাসান চত্বরে পৌঁছানোর পর নেতা-কর্মীরা সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদের কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ওয়াহেদুজ্জামান সিইসিকে চুয়াডাঙ্গা জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন। এরপর মিছিলটি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা সিইসির বিরুদ্ধে ও হরতাল-অবরোধের পক্ষে মুহুর্মুহু স্লোগান দেন।
এদিকে হরতাল ও অবরোধের কারণে দূরপাল্লা, আন্তজেলা ও অভ্যন্তরীণ পথে বাস-ট্রাক চলাচল বন্ধ থাকলেও অটোরিকশা ও রিকশা-ভ্যান চলাচল স্বাভাবিক ছিল। শহরে ছিল অতিরিক্ত পুলিশ।