চুয়াডাঙ্গায় সেই লাশের পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার পৌর এলাকা থেকে আজ রোববার উদ্ধার হওয়া যুবকের লাশের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম নাজমুল হোসেন (২০)। সকালে লাশটি উদ্ধারের সময় তাঁর পরিচয় পাওয়া না গেলেও দুপুরে স্বজনেরা তাঁর পরিচয় নিশ্চিত করেন। সকাল সাড়ে আটটায় হাজরাহাটি গ্রামের একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করে সদর থানার পুলিশ।
নাজমুল চুয়াডাঙ্গা পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ডের কেদারগঞ্জ এলাকার নুর আজমের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান জানান, নাজমুল ছাত্রলীগের নেতা কনক আহমেদ হত্যা এবং ছাত্রলীগের নেতা রাজু আহমেদ হত্যা প্রচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি।
নাজমুলের মামা বিল্লাল হোসেন জানান, গতকাল শনিবার সন্ধ্যায় কে বা কারা নাজমুলকে মুঠোফোনে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরই বাড়ি ফিরবেন বলে জানালেও তিনি আর ফেরেননি। সারা রাত তাঁর খোঁজ করেও পাওয়া যায়নি। আজ দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ একটি লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে, এমন খবর পাওয়ার পর তাঁরা হাসপাতালে ছুটে যান। সেখানেই লাশটি নাজমুলের বলে শনাক্ত করা হয়।
লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী সদর থানার এসআই রবিউল ইসলাম জানান, নিহতের কপালে, কাঁধে, গলায় একাধিক ছুরিকাঘাত এবং পিঠে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।
চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আশিকুল হক জানান, নাজমুল ছাত্রদলের ওই কলেজ কমিটির নির্বাহী সদস্য।
দলীয় কর্মীরা জানায়, এ বছর নাজমুলের এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা থাকলেও কয়েকটি মামলার আসামি হওয়ায় পরীক্ষায় অংশ নেননি তিনি।
চলতি মাসের ১ তারিখে পৌর এলাকার রূপালীপাড়ার (সরকারি ছাগল খামারের পেছনে) একটি আমবাগান থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়েছিল। কিন্তু তাঁর পরিচয় না মেলায় এক দিন পর আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফন করা হয়।