চুয়াডাঙ্গায় স্কুলছাত্র এক সপ্তাহ ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার এক স্কুলছাত্র এক সপ্তাহ ধরে নিখোঁজ। তার নাম আবদুস সবুর। সে উপজেলার দর্শনা হঠাৎপাড়া গ্রামের কৃষক সোলাইমান বাদশার ছেলে ও দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি সকাল নয়টার দিকে সবুর (১৪) বিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় ১৭ ফেব্রুয়ারি সবুরের বাবা সোলাইমান বাদশা দামুড়হুদা মডেল থানায় জিডি করেন।
গতকাল মঙ্গলবার দুপুরে সোলাইমান বাদশা প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে আবদুল সবুরের ডাক নাম অমি। সে ১৫ ফেব্রুয়ারি সকাল নয়টায় জিনস প্যান্ট ও বেগুনি রঙের ফুলহাতা জামা পরে স্কুলব্যাগসহ সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। ওই দিন দুপুরে সে আর বাড়ি ফেরেনি। সবুরের মা আমেনা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার ছেলের সঙ্গে কারও কুনু ঝামেলা ছিল না। সে কুতায় গ্যালো, ক্যানে গ্যালো, নাকি কারা নিয়ে গেলো বুঝতি পারচিনে।’
গতকাল বিকেলে জানতে চাইলে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম খান বলেন, সবুরের সন্ধান পেতে পুলিশ খোঁজখবর নিচ্ছে। এখনো পর্যন্ত সন্ধান মেলেনি।