চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ইমাম গ্রেপ্তার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামের এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে মসজিদের একজন ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ইমাম ধর্ষণের কথা স্বীকার করলেও প্রভাবশালী একটি মহল সালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করে। তবে প্রশাসনের হস্তক্ষেপে শেষ পর্যন্ত সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।ওই ছাত্রীর পরিবার জানায়, উপজেলার যুগীর হুদা গ্রামের আবদুল মোমিন (২৭) প্রায় দুই বছর ধরে একই উপজেলার গড়চাপড়া গ্রামের মাঠপাড়ার মসজিদে ইমামতি করছেন। তাঁর কাছে স্থানীয় মুন্সীগঞ্জ বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রী আরবি শিখত। গত শুক্রবার বিকেলে পড়ানোর সময় মোমিন তাকে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চির্যাকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে মোমিনকে হাতেনাতে ধরে ফেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ধর্ষককে রক্ষা করতে একটি মহল অপতর্যাপরতা চালায়। রাতে গড়চাপড়া গ্রামে বসে সালিস বৈঠক। এতে জেহালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম, ইউপি সদস্য সহিদ হোসেন ও আবদুল হান্নান, মাতব্বর হেলাল উদ্দিন ও শাহার আলী উপস্থিত ছিলেন। সালিসে মোমিন দোষ স্বীকার করেন। পরে মাতব্বরেরা আর্থিক জরিমানা করে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সচেতন কয়েকজন ব্যক্তি আপত্তি জানিয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুস সালামকে জানান। ইউএনও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে বললে পুলিশের একটি দল রাতেই ওই গ্রামে যায় এবং ধর্ষক মোমিন ও মেয়েটিকে থানায় নিয়ে আসে। জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাতব্বরদের অনুরোধে সালিস বৈঠক বসে। তিনি বলেন, ‘মেয়েটির বয়স অল্প বলে তার ভবিষ্যতের কথা ভেবে আপসের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু এ বিষয়ে আইনগত বাধা আছে জানার পর ধর্ষককে পুলিশে সোপর্দ করা হয়।’আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আক্কাছ আলী জানান, মেয়েটিকে থানার নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য আজ রোববার তাকে সদর হাসপাতালে পাঠানো হবে। তিনি বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মোমিনকে আসামি করে থানায় মামলা করেছেন। এ মামলায় মোমিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আজ আদালতে সোপর্দ করা হবে।