চুয়াডাঙ্গায় স্থগিত হাউলি ইউপির নির্বাচন ১৬ এপ্রিল
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের এক চিঠিতে এ কথা জানানো হয়েছে। ইউপি এলাকা বিভাজন চেয়ে করা মামলায় এক বছর আগে এ ইউপির ভোট স্থগিত হয়।
নির্বাচন কমিশনের কমিশন সচিবালয়ের উপসচিব ফরহাদ আহাম্মদ খানের সই থাকা ওই চিঠিতে হাউলি ইউপিতে নির্বাচনের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। ৮ মার্চ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, যে পর্যায় থেকে স্থগিত করা হয়েছিল, সে পর্যায় থেকে নির্বাচন সম্পন্ন করতে হবে।
জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক হাউলি ইউপি নির্বাচনের বাকি সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নিয়মানুযায়ী ২৮ মার্চের আগে কেউ প্রচার-প্রচারণায় নামতে পারবেন না। তবে তার আগেই দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা এ-সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে প্রথমবারের মতো ইউপি নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার শুরু হয়। ওই বছরের ২২ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত ছয় দফায় সারা দেশে ভোট হয়। পঞ্চম ধাপে ২৮ মে হাউলি ইউপি নির্বাচন হওয়ার কথা ছিল। এতে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম, বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ আবু সাঈদ ও আক্তারুজ্জামান এবং স্বতন্ত্র প্রার্থী শাহ মোহাম্মদ তাজ আলম, আওরঙ্গজেব আকতার ও জাহাঙ্গীর আলম। এ ছাড়া সংরক্ষিত তিনটি ওয়ার্ডে ১৩ জন ও সাধারণ নয়টি ওয়ার্ডে ৫৪ জন প্রার্থী হন।
তবে নির্বাচনী প্রচারণা যখন তুঙ্গে, তখন এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তিন মাসের জন্য নির্বাচন স্থগিত রাখার আদেশ দেন। দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ইউনুস আলী রিটটি করেন। এতে হাউলিকে ভেঙে দুটি ইউপি করার নির্দেশনা চাওয়া হয়। আদালতের দেওয়া স্থগিতাদেশের মেয়াদ আগেই পার হয়ে গেছে। ফলে নির্বাচন অনুষ্ঠানে এখন কোনো বাধা নেই।
৩ ইউপিতে সদস্য পদে নির্বাচন
এ ছাড়া ১৬ এপ্রিল চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউপির ১ নম্বর ওয়ার্ড, মোমিনপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ড ও দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউপির ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে শূন্যপদে ভোট গ্রহণ করা হবে।