চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কায় শাহীন হোসেন (২২) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে হাউলী ইউনিয়নের বড় দুধপাতিলা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের কুন্দিপুর গ্রামের ইসমাইল হোসেন মোল্লার ছেলে।

পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে শাহীন বাইসাইকেল চালিয়ে দামুড়হুদা উপজেলার ডুগডুগি পশুহাট থেকে গ্রামের বাড়ি কুন্দিপুর যাচ্ছিলেন। দুধপাতিলা গ্রামে পৌঁছালে ইটভাটার ট্রলিবাহী দ্রুতগামী একটি ট্রাক্টর তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত শাহীনকে স্থানীয় লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক শিরিন জেবীন তাঁকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।