চুয়াডাঙ্গায় সড়কে গাছ ফেলে দুই ঘণ্টা ধরে গণডাকাতি
চুয়াডাঙ্গা সদর উপজেলার চন্দ্রাবতী ইঁদারার কাছে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে গাছ ফেলে যানবাহনে গণডাকাতি হয়েছে। পুলিশের ঘোড়ামারা তল্লাশি চৌকি থেকে ৪০০ গজ দূরে গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে দুইটা পর্যন্ত ওই ঘটনা ঘটে।ডাকাতেরা চারটি ট্রাক, বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার থামিয়ে চালক ও যাত্রীদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে চলে যায়।মাইক্রোবাসের চালক আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, আলমডাঙ্গা উপজেলার বটিয়াপাড়া গ্রাম থেকে বর-বধূসহ মাইক্রোবাস নিয়ে রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা আসার সময় চন্দ্রাবতী ইঁদারার পাশে সড়কে গাছ পড়ে থাকতে দেখা যায়। এ সময় মাইক্রোবাসের কয়েকজন যাত্রী গাছটি সরাতে নামলে সড়কের দুই পাশ থেকে ডাকাতেরা এসে অস্ত্র দেখিয়ে সবাইকে জিম্মি করে। তারা যাত্রীদের কাছ থেকে টাকা, সৌদি রিয়াল, নববধূসহ অন্য নারীদের কাছ থেকে স্বর্ণালংকার ও বেশ কটি মুঠোফোন ছিনিয়ে নেয়। এরপর চারটি ট্রাক ও একটি প্রাইভেট কার ঘটনাস্থলে পৌঁছলে তারাও ডাকাতির কবলে পড়ে। রাত দুইটার দিকে পূর্বাশা পরিবহনের একটি নৈশবাস চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা যাওয়ার সময় চালক দূর থেকে ডাকাতির বিষয়টি বুঝতে পেরে অনবরত হর্ন বাজাতে থাকেন। হর্ন শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দল সটকে পড়ে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী জানান, খবর পেয়ে ঘোড়ামারা তল্লাশি চৌকি থেকে এএসআই করিমের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে ডাকাত দল পালিয়ে যায়।