চুয়াডাঙ্গায় সড়কে গাছ ফেলে পাঁচটি বাস-ট্রাকে ডাকাতি
চুয়াডাঙ্গা সদর উপজেলায় গত রোববার দিবাগত রাতে সড়কে গাছ ফেলে ঢাকাগামী তিনটি যাত্রীবাহী বাস, একটি কাভার্ড ভ্যান, একটি ট্রাক ও একটি মাইক্রোবাসে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় বাসের চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
ডাকাতদের কবলে পড়া কাভার্ড ভ্যানটি ওষুধ কোম্পানি এসিআই ফার্মাসিউটিক্যালসের। প্রতিষ্ঠানটির কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, তাঁদের গাড়িটি চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়ায় যাচ্ছিল। রোববার দিবাগত রাত সাড়ে নয়টার সময় গাড়িটি সড়কের ঘোড়ামারা এলাকায় পৌঁছে থেমে যায়। সেখানে রাস্তার ওপর গাছ ফেলে রাখে ডাকাতেরা। ঘটনার সময় ১৮-২০ জনের একটি ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের কাছে থাকা কোম্পানির ৪ লাখ টাকা লুট করে। একই সময় আলমডাঙ্গা উপজেলা থেকে চুয়াডাঙ্গার দিকে আসছিল ঢাকাগামী রয়েল এক্সপ্রেস, চুয়াডাঙ্গা ডিলাক্স ও পূর্বাশা পরিবহনের তিনটি বাস ও একটি ট্রাক। ডাকাতেরা এ গাড়িগুলোর আরোহীদের সর্বস্ব ছিনিয়ে নেয়।
এ ছাড়া ডাকাতেরা রয়েল পরিবহনের চালক শামীম হোসেন, সহকারী চকলেট হোসেন ও ট্রাকচালকের সহকারী আবদুল হামিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাঁরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
শামীম হোসেন অভিযোগ করে বলেন, প্রতিদিন ঘোড়ামারা সেতু এলাকায় পুলিশের একটি টহল দল থাকে। কিন্তু রোববার রাতে ডাকাতির সময় এ এলাকায় পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি।
চুয়াডাঙ্গা থানায় খোঁজ নিয়ে জানা যায়, রোববার রাতে ওই সড়কে টহলের দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজ উদ্দিন। তিনি সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাননি। হাফিজ বলেন, নিজের দায়িত্বের বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জবাবদিহি করবেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, ডাকাতির ঘটনায় রাতেই থানায় একটি মামলা হয়েছে। তবে গতকাল সোমবার সন্ধ্যা সাতটা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে। পুলিশ সদস্যদের কারও কর্তব্যে অবহেলার কারণে ডাকাতির ঘটনা ঘটলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।