চুয়াডাঙ্গায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় ঝালাই কারখানার শ্রমিক মো. মিলন হত্যা মামলায় মো. শিবলু (২৪) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শিরীন কবিতা আখতার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায়ের পর মো. শিবলুকে কারাগারে পাঠানো হয়। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা শহরের মসজিদ পাড়ায়।

আদালত ও মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা শহরের কলেজপাড়ার মো. মিলন খুন হন। সদর থানা-পুলিশ পৌর এলাকার আরামপাড়ার একটি আমবাগানে নির্মাণাধীন পানির ট্যাংকের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে। ওই ঘটনায় নিহত মিলনের বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। পুলিশ ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে মো. শিবলুকে গ্রেপ্তার করলে তিনি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল কাইয়ুম তদন্ত শেষে ২০১৪ সালের ২৭ জানুয়ারি মো. শিবলুকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ১৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।