চুয়াডাঙ্গায় হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলকা লক্ষ্মীপুর গ্রামের আজিবর রহমান (৩০) হত্যা মামলার রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত৷ চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বিপ্লব গোস্বামী গতকাল এই রায় ঘোষণা করেন। দণ্ডিত ব্যক্তিদের মধ্যে দুজন এ সময় আদালতে উপস্থিত ছিলেন৷
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর গ্রামের নূর ইসলামের ছেলে রেজাউল করিম (২৭), সিদ্দিক আলী ফকিরের ছেলে কছিমুদ্দিন (২৭) ও রবিউল ইসলামের ছেলে বিল্লাল হোসেন (৩৭)। তাঁদের মধ্যে কছিমুদ্দিন পলাতক আছেন৷
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় আজিবর রহমান নিজ ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাঁকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন গ্রামের একটি ধানখেত থেকে আজিবরের লাশ উদ্ধার করে পুলিশ৷
দামুড়হুদা থানার এসআই আবদুস ছাত্তার শেখ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।